শ্রীলংকায় প্রেসিডেন্টের বাসভবনে হামলাচেষ্টা, কারফিউ ঘোষণা
শ্রীলংকার রাজধানী কলম্বোয় প্রেসিডেন্টের বাসভবনে বিক্ষোভকারীরা হামলাচেষ্টা করেছে। এ ঘটনায় অনির্দিষ্টকালের জন্য কারফিউ ঘোষণা করা হয়েছে। খবর- দ্য গার্ডিয়ান।
বৃহস্পতিবার সন্ধ্যায় দেশটির প্রেসিডেন্টের ব্যক্তিগত বাসভবনের কাছে জড়ো হওয়া বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এরপর রাতেই কারফিউ জারির ঘোষণা দেওয়া হয়।
এক বিবৃতিতে বৃহস্পতিবার পুলিশের মহাপরিদর্শক সিডি বিক্রমরত্নে জানান, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত কলম্বোর বেশিরভাগ জেলায় কারফিউ জারি থাকবে।
কলম্বোর মিরিহানা জেলায় শত শত বিক্ষোভকারী পুলিশি বাধা উপেক্ষা করে রাজাপাকসের ব্যক্তিগত বাসভবনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা চালায়। এ সময় তারা ‘গোটা বাড়ি যাও’, ‘গোটা একজন স্বৈরশাসক’ ইত্যাদি স্লোগান দেয়।
ফেসবুকে পোস্ট করা ভিডিওতে একটি পুলিশ বাসে আগুন জ্বলতে দেখা গেছে। এছাড়া একজন ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।
আরো পড়ুন>>> রুবলে মূল্য পরিশোধ করো নতুবা গ্যাস বন্ধ করে দেব: পুতিন
শ্রীলংকার প্রধান বিরোধী দলের কর্মীরা মশাল হাতে এ বিক্ষোভে অংশ নেন। এ সময় তারা রান্নার গ্যাস ও কেরোসিনসহ অন্যান্য পণ্যের ঘাটতির নিন্দা জানান।
শ্রীলংকার সরকারি সূত্রের বরাতে এএফপি জানিয়েছে, হামলার সময় রাজাপাকসে বাড়িতে ছিলেন না। তবে সামরিক কর্মকর্তারা দেশটির সংকট নিয়ে আলোচনার জন্য রাজাপাকসের বাড়িতে বৈঠক করেছিলেন।
বিক্ষোভ-সহিংসতার জেরে কলম্বোতে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়। বিক্ষোভের কারণে ৪ ঘণ্টার জন্য ঐ এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
এদিকে শ্রীলংকার পরিসংখ্যান বিভাগ বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে, আগের তুলনায় মার্চ মাসে খুচরো মূল্যস্ফীতি বেড়েছে ১৮.৭ শতাংশ। খাদ্য মূল্যস্ফীতি ৩০.২ শতাংশ ছুঁয়েছে। সূত্র : দ্য গার্ডিয়ান, আল জাজিরা