ঢাকা,  শুক্রবার   ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

বিশ্ববাজারে লাগাতার কমছে সোনার দাম

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০২:৩৩, ১৪ সেপ্টেম্বর ২০২০
বিশ্ববাজারে লাগাতার কমছে সোনার দাম
ছবি- সংগৃহীত

চলতি মাসের শুরুতে অল্প ওঠানামার মধ্যে থাকলেও গত কয়েক দিন ধরে বিশ্ববাজারে পতনের মুখে পড়েছে সোনার দাম। গত মাসের আগস্টে বড় ব্যবধানে সোনার দামে পতন শুরু হয়।

এর আগে করোনাভাইরাসের তাণ্ডবে বিশ্ব অর্থনীতি টালমাটাল হয়ে পড়লে কয়েক দফা রেকর্ড ভেঙে গেল জুলাইয়ে এ যাবতকালের দাম বৃদ্ধির রেকর্ড করে মূল্যবান এ ধাতু।

রোববার বিকেলে বিশ্ববাজারে প্রতি আউন্স সোনা বিক্রি হয় ১৯৪০ দশমিক ৪৩ ডলারে। যা শনিবারের চেয়ে এক ডলার কম। এর আগে ৯ সেপ্টেম্বর প্রতি আউন্স সোনার সবশেষ দাম ছিল ১৯৪৬ দশমিক ৫৬ ডলার। ১০ সেপ্টেম্বর ১৯৪৫ দশমিক ২৩ ডলারে থামে সোনার লেনদেন। দরপতনের ধারা অব্যাহত থাকে ১১ সেপ্টেম্বরও। আগের দিনের চেয়ে প্রতি আউন্স সোনা দাম কমে ৩.৭২ ডলার; দিন শেষ হয় ১৯৪১ দশমিক ৫০ ডলারে। ১২ সেপ্টেম্বর আরেক দফা দরপতনে প্রতি আউন্স সোনার দাম নামে ১৯৩৯ দশমিক ৩৬ ডলারে।

বিশ্ববাজারে সোনার ধারাবাহিক দরপতনের কারণ হিসেবে আন্তর্জাতিক বাজার বিশ্লেষকরা ডলারের দুর্বল অবস্থান ও করোনাভাইরাসের টিকা আবিষ্কারের অগ্রগতিকে চিহ্নিত করছেন।

এদিকে গত ৯ সেপ্টেম্বর দেশের বাজারে সোনার দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলারি সমিতির (বাজুস)। নতুন মূল্য তালিকায় দেখা গেছে, ২২ ক্যারেটের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ৭৪ হাজার ৮ টাকা। বুধবার পর্যন্ত এই মানের সোনার বাজার দর ছিল ৭২ হাজার ২৫৮ টাকা। ভরিতে দাম বেড়েছে ১ হাজার ৭৫০ টাকা।

২১ ক্যারেটের প্রতি ভরির দাম ধরা হয়েছে ৭০ হাজার ৮৫৮ টাকা। একই ভাবে ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম পড়বে ৬২ হাজার ১১০ টাকা। সনাতন পদ্ধতিতে সোনা প্রতি ভরির দাম ধরা হয়েছে ৫১ হাজার ৭৮৮ টাকা।

ডেইলি-বাংলাদেশ/আরএ
লিংক সফলভাবে কপি হয়েছে!