আয়া সোফিয়ার জুমার নামাজের লাইভ, উপস্থিত এরদোগান
তুরস্কের ঐতিহ্যবাহী স্থাপনা আয়া সোফিয়াকে মসজিদে রূপ দেয়ার পর প্রথমবার সেখানে জুমার নামাজ আদায় হতে যাচ্ছে। নামাজ আদায়ের জন্য আয়া সোফিয়ায় উপস্থিত হয়েছেন দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান। তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে সরাসরি লাইভ সম্প্রচার করছেন।
ডেইলি বাংলাদেশের পাঠকদের জন্য লাইভটি দেখানো হচ্ছে
এর আগে জুমার নামাজ আদায় করতে আয়া সোফিয়ায় হাজারো মুসল্লির উপস্থিতি লক্ষ করা গেছে। জুমার নামাজ আদায়ের মধ্য দিয়ে প্রায় ৮৬ বছর পর আবারো মসজিদ হিসেবে ফিরলো আয়া সোফিয়া।
করোনা সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব মেনে মসজিদসহ এর আশপাশের এলাকায় অংশ নিয়েছেন সেখানকার মানুষ।
তুরস্কের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় আয়া সোফিয়ায় নামাজ পরিচালনার জন্য তিন জন ইমাম নিযুক্ত করেছে। এছাড়াও আজান প্রদানের জন্য মুয়াজ্জিন হিসেবে নিয়োগ পেয়েছেন পাঁচ জন।
গত ১৬ জুলাই আয়া সোফিয়াকে জাদুঘর থেকে মসজিদে রূপান্তরিত করার রায় দেয় তুরস্কের আদালত। পরে মসজিদটি পরিচালনার জন্য সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয়ের সঙ্গে তুরস্কের ধর্ম বিষয়ক অধিদফতর একটি সহযোগিতা প্রোটোকল স্বাক্ষর করে। প্রোটোকলের অধীনে সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয় পুনরুদ্ধার এবং সংরক্ষণের কাজ তদারকি করবে। ধর্ম বিষয়ক অধিদফতর ধর্মীয় বিষয়টি তদারকি করবে। তাছাড়া মূল্যবান এ স্থাপনা পর্যটকদের জন্য বিনামূল্যে উন্মুক্ত থাকবে।
দেশি-বিদেশি পর্যটকদের জন্য তুরস্কের সর্বাধিক দর্শনীয় স্থানগুলোর মধ্যে আয়া সোফিয়া অন্যতম। ইস্তাম্বুল বিজয়ের আগ পর্যন্ত ৯১৬ বছর আয়া সোফিয়া গির্জা ছিল। ১৪৫৩ থেকে ১৯৩৪ সাল পর্যন্ত প্রায় ৫০০ বছর মসজিদ ছিল। ১০ জুলাই তুরস্কের আদালত ১৯৩৪ সালে আয়া সোফিয়াকে জাদুঘর বানানোর সিদ্ধান্ত বাতিল করে মসজিদে রূপান্তরিত করার রায় দেয়।
জাদুঘর থাকার সময় ১৯৮৫ সালে ইউনেস্কো আয়া সোফিয়াকে বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করে।