সাইনোসাইটিস প্রতিরোধ করবেন যেভাবে
হরহামেশাই এখন শোনা যায় সাইনাসের সমস্যায় ভুগছেন কেউ কেউ। পরিবারের মানুষ থেকে শুরু করে আশেপাশে অনেকেরই এই সমস্যার কথা শুনছেন। সাইনাসের কারণে তীব্র মাথা যন্ত্রণা, নাক-মাথায় ভারী ভাব, অনেক সময় ব্যথার কারণে জ্বর চলে আসে অনেকেরই। সাইনাসে প্রদাহ হলে নাক দিয়ে সর্দি পড়তে পারে, মাথাব্যথা করতে পারে। সাইনাসের মধ্যে পুঁজ জমতে পারে, টিউমার হতে পারে ইত্যাদি।
মুখের হাড়ের ভিতর যে ফাঁপা, বাতাসভর্তি জায়গা থাকে, তার ভিতরের ঝিল্লিতে কোনোরকম বাধা এলে বা জ্বালা করলে সেখান থেকেই সাইনোসাইটিসের সমস্যা শুরু হয়। সাধারণত ভাইরাস ও ব্যাক্টেরিয়াজনিত কারণে সাইনাসজনিত সমস্যা হয়ে থাকে। এছাড়া ফাংগাশ, অ্যালার্জিজনিত কারণেও সাইনোসাইটিস সৃষ্টি হয়। আবহাওয়া পরিবর্তনের এই সময়টাতে এই সমস্যা বেশি দেখা দেয়। তবে খুব সহজেই সাইনাসের সমস্যা থেকে মুক্তি পেতে কিছু ঘরোয়া উপায় রয়েছে। জেনে নিন উপায়গুলো-
আরো পড়ুন: পাকা তালের এসব গুণ আগে জানতেন কি?
> সুষম খাবার এবং পর্যাপ্ত পানি পান করতে হবে।
> গরম চা- কফি খেতে পারেন। এছাড়াও গ্রিনটি সাইনাসের জন্য খুবই উপকারী।
> প্রতিদিন ডায়েটে রাখুন এক কোয়া রসুন ও মধু। রসুন এবং মধু শ্লেষ্মাজনিত অসুখ ঠেকাতে সাহায্য করে। এক কোয়া রসুনের সঙ্গে দুই চামচ মধু মিশিয়ে খেতে পারেন।
> সাইনোসাইটিসের ক্ষেত্রে স্যাঁতসেঁতে বা অতিরিক্ত শুষ্ক আবহাওয়াও ক্ষতিকারক। পর্যাপ্ত আলো-বাতাস আছে, এমন জায়গায় থাকুন।
> গরম পানির ভাপ নিতে পারেন। শ্লেষ্মাজনিত সমস্যাকে দূরে রাখলেই সাইনাসের সমস্যা অনেকটা দূরে থাকে। গরম পানিতে একটি তোয়ালে ভিজিয়ে ভালো করে নিংড়ে নিন। এবার এই তোয়ালে মুখের উপর দিয়ে কিছুক্ষণ শুয়ে থাকুন।
> সিগারেটের ধোঁয়া, বডি স্প্রে, ধুলোবালি ইত্যাদি থেকে দূরে থাকুন।
> প্রতিদিন ব্যায়াম, খেলাধুলা, কায়িক পরিশ্রম করা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী।