ঢাকা,  বৃহস্পতিবার   ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

বাবাকে বাঁচাতে গিয়ে নিভে গেল দুই ভাইয়ের জীবন প্রদীপ

বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি
প্রকাশিত: ১৬:২৩, ২২ অক্টোবর ২০২৬
বাবাকে বাঁচাতে গিয়ে নিভে গেল দুই ভাইয়ের জীবন প্রদীপ
বোরহানউদ্দিন থানা। ফাইল ছবি।

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় বিদ্যুতের ছেঁড়া তার সরাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে দুই সহোদর ভাইয়ের মৃত্যু হয়েছে। বাবাকে বাঁচাতে গিয়ে বিদ্যুতায়িত হন তারা। এ ঘটনায় সামান্য আহত হয়ে প্রাণে বেঁচে গেছেন তাদের বাবা।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার কাচিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কালিরহাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত দুই ভাই হলেন- তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আলম বক্তারের ছেলে আবদুর রহিম (৪০) ও রাকিব (৩০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আলম বক্তার ও তার ছেলেরা দীর্ঘদিন ধরে গাছ কাটার কাজ করে জীবিকা নির্বাহ করেন। ঘটনার দিন সকালে আলম বক্তার তার তিন ছেলেকে নিয়ে বোরহানউদ্দিনে তার শ্যালক মো. আইয়ুব আলীর বাড়িতে গাছ কাটতে যান। সেখানে একটি ছেঁড়া বিদ্যুতের তার পড়ে থাকতে দেখে সেটি সরাতে যান আলম বক্তার। এ সময় তিনি বিদ্যুতায়িত হন।

বাবাকে বিদ্যুতের তার থেকে বাঁচাতে নিচে থাকা এক ছেলে এগিয়ে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। পরে তাদের উদ্ধারে গাছ থেকে নিচে নেমে আসেন আরেক ছেলে। এ সময় দুই ভাই বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই ভাইকে মৃত ঘোষণা করেন। তবে এ ঘটনায় তাদের বাবা আলম বক্তার সামান্য আহত হয়ে প্রাণে বেঁচে যান।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ডেইলি-বাংলাদেশ/ভোলা/এমকে
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!