ঢাকা,  বৃহস্পতিবার   ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

কটিয়াদীতে ১৮ মামলার আসামি সাজন ঘোষ গ্রেপ্তার

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৫৪, ২২ অক্টোবর ২০২৬
কটিয়াদীতে ১৮ মামলার আসামি সাজন ঘোষ গ্রেপ্তার
ছবি: ডেইলি বাংলাদেশ

কিশোরগঞ্জের কটিয়াদীতে চুরি, ডাকাতি ও মাদকসংক্রান্ত ১৮টি মামলার আসামি সাজন ঘোষকে (৩২) গ্রেপ্তার করেছে কটিয়াদী মডেল থানা পুলিশ। তাঁর বিরুদ্ধে তিনটি মামলায় কারাদণ্ড ও অর্থদণ্ডের সাজা পরোয়ানা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (২১ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে কটিয়াদী পৌরসভার ভোগপাড়া (ঘোষপাড়া) এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। সাজন ঘোষ ওই এলাকার হরি ঘোষের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নিয়মিত ও বিশেষ অভিযানের অংশ হিসেবে ভোগপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে গাজীপুর, টাঙ্গাইল, কিশোরগঞ্জ সদর, ভৈরব ও কটিয়াদী থানায় চুরি, ডাকাতি ও মাদকসংক্রান্তসহ বিভিন্ন অভিযোগে মোট ১৮টি মামলা রয়েছে।

পুলিশ আরও জানায়, তিনটি মামলায় তাঁর পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও চার হাজার টাকা অর্থদণ্ডের সাজা পরোয়ানা রয়েছে। অর্থদণ্ড অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের বিধান রয়েছে।

কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশের বিশেষ অভিযানে সাজন ঘোষকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি আরও বলেন, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে মাদক, ছিনতাই ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

ডেইলি-বাংলাদেশ/কিশোরগঞ্জ/এমকে
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!