গাজীপুরে ডাকাতির প্রস্তুতির সময় আটক ২
গাজীপুর মহানগরীর গজারিয়াপাড়া এলাকা থেকে ডাকাতির প্রস্তুতির সময় দুইজনকে আটক করেছে র্যাব।
মঙ্গলবার ভোরে তাদের ওই এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হচ্ছেন মো. সহিদ ও মো. মতিউর রহমান। তারা গজারিয়াপাড়া এলাকার কবির মার্কেটের মহরম মিয়ার বাড়ির ভাড়াটিয়া।
র্যাব-১ এর গাজীপুরের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, গজারিয়াপাড়া এলাকায় ডাকাতির প্রস্তুতির খবরের ভিত্তিতে ওই এলাকার হামিদিয়া দাখিল মাদরাসার অফিস কক্ষের সামনে থেকে ওই দুইজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১টি ছুরি, দুইটি হাসুয়া, একটি রড কাটার মেশিন, দুইটি রড ব্রেকার, ১০টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
র্যাবের ওই কর্মকর্তা আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা স্বীকার করেছে যে, তারা একটি সংঘবদ্ধ ডাকাতি দলের সক্রিয় সদস্য। গাজীপুরসহ আশপাশের এলাকায় সাধারণ পথচারী, বাসযাত্রী এবং মোটরসাইকেল আরোহীদের মারধর এবং অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে টাকা, মোবাইল, স্বর্ণালংকার ইত্যাদি লুট করে আসছিল।