ঢাকা,  সোমবার   ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ প্রবাস জীবন ]

মসজিদুল হারামের মুয়াজ্জিন ইবরাহিম মাদানি ইন্তেকাল

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১২:১৮, ২১ সেপ্টেম্বর ২০২৬
মসজিদুল হারামের মুয়াজ্জিন ইবরাহিম মাদানি ইন্তেকাল
শায়খ ইবরাহিম বিন আদেল আল-মাদানি

সৌদি আরবের মক্কার পবিত্র মসজিদুল হারামের মুয়াজ্জিন শায়খ ইবরাহিম বিন আদেল আল-মাদানি ইন্তেকাল করেছেন। সোমবার (২১ সেপ্টেম্বর) ফজরের সময় মক্কা নগরীতে তার মৃত্যু হয়।

মসজিদুল হারামের মুয়াজ্জিন ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বরাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তার ইন্তেকালের খবর ছড়িয়ে পড়ে। সোমবারই তার জানাজা ও দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

Advertisement

শায়খ ইবরাহিম মাদানি মসজিদুল হারামের মুকাব্বিরিয়ায় দায়িত্ব পালনকারী অন্যতম মুয়াজ্জিন ছিলেন। সেখানে দায়িত্বপ্রাপ্ত মুয়াজ্জিনরা আজান দেওয়ার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী ইমামের তাকবির মুসল্লিদের কাছে পৌঁছে দেন।

মসজিদুল হারামে নিয়মিত ২৪ জন মুয়াজ্জিন দায়িত্ব পালন করেন। তাদের মধ্যে প্রতিদিন ছয়জন পাঁচ ওয়াক্ত নামাজের আজান ও ফজরের প্রথম আজান দেওয়ার দায়িত্বে থাকেন। শায়খ ইবরাহিম মাদানি বিশেষভাবে ফজরের আজান ও তাকবির দেওয়ার জন্য পরিচিত ছিলেন।

তার ইন্তেকালের খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে শোক প্রকাশ করেন। পাশাপাশি মসজিদুল হারামে তার দেওয়া আজান ও তাকবিরের পুরোনো ভিডিও এবং অডিও শেয়ার করে স্মৃতিচারণ করছেন।

জানা গেছে, মসজিদুল হারামে তার সর্বশেষ আজান ছিল ১১ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি। আজান, হজ ও ঈদের তাকবিরসহ তার কণ্ঠের বিভিন্ন রেকর্ডও রয়েছে।

মরহুম শায়খ ইবরাহিম বিন আদেল আল-মাদানির রুহের মাগফিরাত কামনা করেছেন তার শুভাকাঙ্ক্ষীরা।

ডেইলি-বাংলাদেশ/এম ইউ
লিংক সফলভাবে কপি হয়েছে!