ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

তাপস-মুন্নীর সাক্ষাৎকার নিয়ে অপু বিশ্বাস বললেন— ‘স্ক্রিপ্ট অনেক দুর্বল’

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১১:২৩, ১৪ ডিসেম্বর ২০২৩
তাপস-মুন্নীর সাক্ষাৎকার নিয়ে অপু বিশ্বাস বললেন— ‘স্ক্রিপ্ট অনেক দুর্বল’
সংগৃহীত ছবি

এই তো সেদিন গানবাংলা টেলিভিশনের চেয়ারপারসন ফারজানা মুন্নীর সোশ্যাল হ্যান্ডেল থেকে তার স্বামী সংগীতশিল্পী ও গানবাংলা টেলিভিশনের প্রধান নির্বাহী কৌশিক হোসেন তাপস ও অভিনেত্রী শবনম বুবলীকে জড়িয়ে গুরুতর অভিযোগ আনা হয়।

সেখানে জানানো হয়, তাপসের সঙ্গে প্রেমের সম্পর্ক রয়েছে বুবলীর। অবশ্য পরে বিষয়টি নিয়ে মুখ খোলেন মুন্নী। অভিযোগটি উড়িয়ে দিয়ে জানান তার ফেসবুক আইডি হ্যাকারদের কবলে পড়েছিল।

ঐ ঘটনায় সে সময় ফারজানা মুন্নীকে রাত সাড়ে তিনটা নাগাদ মোবাইল ফোনে কল করে বুবলীর নামে বিষদগার করেন। পরে ঐ কল রেকর্ড থেকে নিজের কণ্ঠ মুছে তা অনলাইনে ছেড়ে দেন। মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। এতদিন বিষয়টি নিয়ে চুপ থাকলেও সম্প্রতি দেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনলাইন সাক্ষাৎকারে এটা নিয়ে মুখ খোলেন ফারজানা মুন্নী।

Advertisement

দীর্ঘ সাক্ষাৎকারে অপু বিশ্বাসকে এক হাত নেন মুন্নী। জানান, শাকিবের সঙ্গে সম্পর্ক জোড়া লাগানোর জন্য তাকে মাধ্যম হিসেবে ব্যবহার করেছেন তিনি। এই পড়তি নায়িকার সঙ্গে তার তেমন পরিচয় নেই। একবার অনুষ্ঠানে কিছুক্ষণের জন্য সাক্ষাৎ হয়েছিল তাদের।

সাক্ষাৎকারটি অপু বিশ্বাস দেখেছেন। তারপর বৃহস্পতিবার রাত ১টায় ফেসবুকে প্রতিক্রিয়া জানিয়েছেন। এক থেকে তিন ক্রমবিন্যাস করে লিখেছেন, ‘মানুষ হয়ে বিপদে আছি। চারপাশে সব ফেরেশতা। এতদিন আমার আবেগ কাজ করেছে, বিবেক কাজ করেনি। স্ক্রিপ্ট অনেক দুর্বল।’

এদিকে তাপসের সঙ্গে প্রেমের বদনাম ঘুঁচে যাওয়ায় উচ্ছ্বসিত বুবলী। সাক্ষাৎকারটি নিজের ফেসবুক পেজে শেয়ার করে লিখেছেন, ‘আমাদের শিল্পের সবচেয়ে মার্জিত দম্পতি! কৌশিক হোসেন তাপস ভাইয়া ও ফারজানা মুন্নী আপুর প্রতি শ্রদ্ধা রইল।’

কিছুদিন আগে প্রকাশ্যে অপু জানিয়েছিলেন, বুবলীকে তিনি ঘৃণা করেন। তারপর অবশ্য নাম না করে বুবলীও ইঙ্গিতপূর্ণ পোস্ট করেন তার ফেসবুকপাতায়।

প্রসঙ্গত, তাপস-মুন্নীর প্রযোজনা প্রতিষ্ঠান টিএম ফিল্মসের ‘খেলা হবে’ সিনেমায় অভিনয় করবেন বুবলী। এ ছাড়া আছেন পরীমণি। ছবির পরিচালক তানিম রহমান অংশু। তবে কবে নাগাদ এর কাজ শুরু হবে—তা জানা যায়নি।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!