মৌসুমীর বৈচিত্র্যময় ক্যারিয়ারের ত্রিশ বছর পূর্তিতে তার দুটো ফ্যান ক্লাব টিম মৌসুমী ও ম্যাজ (এমএজেড) গত বৃহস্পতিবার, ২০ জুলাই আফতাবনগরে চাপওয়ালা রেস্তোঁরায় আয়োজন করে এক মিলনমেলার। দুটো গ্রুপের অ্যাডমিন ও মডারেটর বাদেও ঘনিষ্ঠ কয়েকজন ভক্ত সে আয়োজনে উপস্থিত ছিলেন।
মৌসুমীকে ফুল দিয়ে অভিনন্দন জানান ভক্তরা। সবার মধ্যমণি মৌসুমী বলেন, আমি চেষ্টা করি এ ধরনের গেট টুগেদারে উপস্থিত হতে। এমন আয়োজনে এসে আমার ভালো লাগে। সঙ্গত কারণেই সবাইকে সময় দেয়া সম্ভব হয় না। শুরু থেকেই তোমাদের ভালোবাসা পেয়ে এসেছি। ক্যারিয়ারের এ পর্যায়ে এসেও তোমাদের সে অনুভূতিতে ভাটা পড়েনি। তোমরা আমার জন্য দোয়া করবে। যেন তোমাদের ভালোবাসায় বেঁচে থাকতে পারি।
উক্ত আয়োজনে আরও উপস্থিত ছিলেন চিত্রনায়ক ও মৌসুমীর জীবনসঙ্গী ওমর সানি। ফুলেল শুভেচ্ছা ও বক্তব্য শেষে ছবি তোলায় মেতে ওঠেন সকলে। মধ্যাহ্নভোজ শেষে মৌসুমীর সাথে বেশ কিছুক্ষণ আড্ডা দেন উপস্থিত অতিথিবৃন্দ।
উল্লেখ্য, টিম মৌসুমী ও ম্যাজ গ্রুপের অ্যাডমিন তানজিনা সুলতানা, শাকিল মুবিন, ফিরোজ মধু, মডারেটর শিল্পী ইসলাম প্রমুখ আয়োজনে উপস্থিত ছিলেন। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন তানজিনা সুলতানা।
.png)