সম্প্রতি ইনস্টাগ্রামে অনাগত সন্তানের বাবার ছবি পোস্ট করেন ইলিয়ানা। ছবিতে বেশ হাসিখুশি দেখাচ্ছে যুগলকে। ইলিয়ানার চোখে-মুখে হালকা রূপটান, তবে জৌলুসের বেশির ভাগটাই ভরিয়েছে তার একগাল হাসি। পাশে বসে থাকা তার প্রেমিক বা স্বামীর চোখে মুখে আনন্দের ছাপ স্পষ্ট। তার কাঁধে মাথা রেখেই ছবি তোলেন ইলিয়ানা। সেই ছবিই ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করেছেন অভিনেত্রী।

.png)
অনাগত সন্তানের বাবার ছবি প্রকাশ করলেও তার নাম-পরিচয় এখনো খোলসা করেননি অভিনেত্রী। গর্ভাবস্থার প্রথম থেকেই সন্তানের পিতৃপরিচয় গোপন রেখেছেন ইলিয়ানা।
যদিও কয়েক মাস আগে ইনস্টাগ্রাম স্টোরিতে একটি সাদা-কালো ছবি পোস্ট করেন ইলিয়ানা। সেই ছবিতে ছিলেন তার সেই প্রেমিক বা স্বামী ও প্রিয় পোষ্য। সেই ছবিতে তার মুখ দেখে বোঝা যায়নি তিনি কে।
সেই পোস্টে তিনি লেখেন, মাতৃত্বের অনুভূতি আশীর্বাদের মতো। আমার শরীরের ভেতরে একটা নতুন প্রাণ বেড়ে উঠছে, এটা ভেবেই শিহরিত হই। কিন্তু কিছু কিছু দিন খুবই কঠিন! চোখ থেকে জল পড়া থামে না, অপরাধবোধে ভুগি। নিজেকে শক্ত করতে পারি না। তখন এই মানুষটা আমার হাত ধরে। আমার চোখের জল মুছিয়ে দেয়, আমাকে মজার মজার কথা শোনায়। আমাকে আগলে রাখে। তখন মনে হয়, হয়তো জীবনটা সত্যিই এত কঠিন নয়।
সূত্র: আনন্দবাজার