ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

কেমন চলছে ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমা

তানভীর আহমেদ সরকার
প্রকাশিত: ১৪:৩৫, ২৩ এপ্রিল ২০২৩
কেমন চলছে ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমা
ছবি: সংগৃহীত

ঈদুল ফিতরকে কেন্দ্র করে মুক্তি পেয়েছে বেশ কয়েকটি সিনেমা। আর সেগুলো ঈদের আনন্দকে যেন আরো বাড়িয়ে তুলেছে।  রাজধানীসহ দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে চলছে দেশীয় ৮টি সিনেমা। সিনেমার তালিকায় রয়েছে- লিডার আমিই বাংলাদেশ, শত্রু, লোকাল, কিল হিম, প্রেম প্রীতির বন্ধন, জ্বীন, আদম, পাপ।

সিনেমাগুলো নায়ক-নায়িকা হিসেবে দেখা মিলেছে- সুপারস্টার শাকিব খান-বুবলী, অপু বিশ্বাস-জয় চৌধুরী, বুবলী-আদর আজাদ, সজল-পূজা চেরী, বাপ্পী চৌধুরী-জাহারা মিতু, রোশান-ববি হক, ইয়াস রোহান-ঐশী, অনন্ত জলিল-বর্ষা।

সিনেমাগুলো মুক্তির পর রাজধানীর কয়েকটি প্রেক্ষাগৃহের সরেজমিন ঘুরে দেখা যায় দর্শক বিবেচনায় এগিয়ে আছে শাকিব খান-বুবলী জুটির ‘লিডার আমিই বাংলাদেশ’।

মধুমিতা সিনেমা হলে চলছে শাকিব বুবলীর লিডার আমিই বাংলাদেশ। সিনেমাটি দেখতে দর্শকের ভিড় দেখা গেছে। রেগুলার এবং এসি মিলিয়ে ১১৫০ আসনের প্রায় ৬০০ জনের মতো দর্শক সিনেমা দেখছেন।

Advertisement

এ প্রসঙ্গে মধুমিতা হলের কর্ণধার ইফতেখার উদ্দিন নওশাদ বলেন, আগে তো ৫-৬ হাজার সেল হতো না। আজ প্রথম শোতে প্রায় ১৩-১৪ হাজার সেল হয়েছে৷ আর এখন তো মানুষ ঈদের ছুটিতে গ্রামে গেছে। আশা করি ২-৩ দিন পর আরো দর্শক বেড়ে যাবে।

স্টার সিনেপ্লেক্সে মুক্তিপ্রাপ্ত পাঁচটি সিনেমা চলছে। সিনেমাগুলো হলো- লিডার আমিই বাংলাদেশ, লোকাল, জ্বীন, আদম ও কিল হিম।

সিনেমাগুলো কেমন চলছে- জানতে চাইলে স্টার সিনেপ্লেক্সের জেষ্ঠ্য বিপণন কর্মকর্তা মেজবা উদ্দীন আহমেদ বলেন, জ্বীন সিনেমার প্রতিটি শো আমাদের সব শাখায় হাউসফুল ছিল। আদম সিনেমাটিও হাউসফুল ছিল। এছাড়াও লিডার আমিই বাংলাদেশ ও কিল হিম সাড়ে ৭টার শো হাউসফুল। আমাদের এখানে প্রতিটি সিনেমাই আলহামদুলিল্লাহ ভালোই যাচ্ছে। আজ অনেক দর্শক ঘুরেও গেছে টিকিট না পেয়ে। আরো দর্শকের চাপ বেড়ে যাবে বলে আশা করি।

রাজধানীর চিত্রামহল হলে চলছে লিডার আমিই বাংলাদেশ। সেখানে গিয়ে দেখা যায় প্রায় অর্ধেক আসন দর্শক দিয়ে ভরা। এ হলের মালিকপক্ষ কাজী ইকবাল জানান, দর্শক এখন ঢাকা ছেড়ে গেছে। আর সিনেমা দিয়ে এখন ব্যবসার আশা করা ভুল। আমাদের এখানে একটি টিকিট বিক্রি হলেও আমরা শো বন্ধ করি না।

রাজধানীর পুরান ঢাকার নিউ গুলশান সিনেপ্লেক্সে চলছে বাপ্পী চৌধুরী-জাহারা মিতু অভিনীত সিনেমা ‘শত্রু’। সিনেমার প্রথম শোতে ৯৫ জন, ২য় শোতে ৮৩ জন এবং ৩য় শোতে ১৩৪ জন দর্শক ছিল। যারা সিনেমাটি দেখেছেন তাদের ভাষ্য, সিনেমাটি ভালো লেগেছে।

এ প্রসঙ্গে সিনেমা হলের কর্ণধার মো. আমির হামজা বলেন, আমাদের এই এলাকায় শ্রমিকদের সংখ্যা বেশি। এখন তো ৯৫% মানুষ ঈদের ছুটিতে। তাই এখন একটু কম দর্শক। তবে এই চিত্র পাল্টে যাবে কয়েকটা দিনের অপেক্ষা। আর ‘শত্রু’ সিনেমায় বেশ ফাইটিং দৃশ্য আছে। দর্শক এটা পছন্দ করে। তবে আমি আশাবাদী সিনেমাটি চলবে।

রাজধানীর পুরান ঢাকার আজাদ সিনেমা হলেও চলছে ‘শত্রু’। এখানে প্রথম শোতে ১৬০ জন দর্শক ছিল। এবং দ্বিতীয় শোতে দর্শক সংখ্যা বেড়ে যায়। হল কতৃপক্ষের কর্মকর্তা মো. আলাউদ্দিন জানান- সর্বশেষ শোতেও আশানুরূপ দর্শক ছিল।

লায়ন্স সিনেমাসে মুক্তিপ্রাপ্ত ৮ টি সিনেমার ৭টি চলছে। লিডার আমিই বাংলাদেশ এবং কিল হিম ৪টি, লোকাল, জ্বীন, পাপ ২টি, শত্রু এবং আদম ১টি করে শো চলছে। সেখানে গিয়ে দেখা যায়- পাপ সিনেমার প্রথম শো দর্শকশূন্য। অন্যদিকে এই প্রেক্ষাগৃহে দর্শকদের উপস্থিতিতে এগিয়ে আছে সজল-পূজা চেরীর ‘জ্বীন’। এরপর শাকিব খানের লিডার আমিই বাংলাদেশ এবং অনন্ত জলিলের কিল হিম।

এ প্রসঙ্গে লায়ন্স সিনেমাসের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (অপারেশন) মো. আসিবুর রহমান পাভেল জানান, এখন পর্যন্ত জ্বীন, লিডার আমিই বাংলাদেশ এবং কিল হিমের দর্শক পেয়েছি মোটামুটি। আদম সিনেমার তো রাত ৮ টা ২৫ মিনিটে শো। তাই বলা যাচ্ছে না কেমন দর্শক হবে। এখন লোকালের ১০-১২ জন নিয়ে লোকাল সিনেমাটি চালাচ্ছি। তবে দর্শক বাড়বে আশা করি।

শ্যামলী হলে চলছে সজল-পূজা চেরী অভিনীত ‘জ্বীন’ সিনেমাটি। প্রায় ৪০% আসন দর্শক হচ্ছে বলে জানিয়েছেন এই হলের কর্মকর্তা মো. বাধন। তিনি বলেন, এখন তো ঢাকায় মানুষ নেই বলা যায়। আগামী সপ্তাহে এই দর্শকের পরিমাণ ৭০-৮০% হবে মনে হয়। সর্বশেষ শোতে প্রায় হাউসফুল দর্শক ছিল।

সৈনিক ক্লাবে চলছে লিডার আমিই বাংলাদেশ। আসন সংখ্যার প্রায় ৩৫-৪০% দর্শক ছিল। হলের ম্যানেজার জাহাঙ্গীর আলম বলেন, অনেকদিন পর শাকিবের সিনেমা মুক্তি পেয়েছে। আজ আবার বৃষ্টি ছিল মাঝে তাই একটা শো তে দর্শক কম ছিল। তবে মোটামুটি ভালো চলছে সিনেমাটি। সামনে দর্শক আরো বেড়ে যাবে।

বগুড়ার মধুবন সিনেপ্লেক্সে চলছে অনন্ত জলিল-বর্ষার ‘কিল হিম’। এই সিনেপ্লেক্সের কর্মচারী লিটন জানান, দর্শক মোটামুটি আছে। প্রথম শোতে ৩৪ জন, এখন ৩০+ দর্শক নিয়ে শো চলছে।

জ্বীন ও পাপ সিনেমাটি চলছে গ্রান্ড সিলেট সিনেপ্লেক্সে। ১৭০ জন ধারণ ক্ষমতার এই হলে সিনেমা দুটির অবস্থা বেশ নাজুক। এই হলের ইনচার্জ মেহেদী হাসান বলেন, গড় হিসাব করলে ১০ জন দর্শক নিয়ে শো চালাচ্ছি।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!