ঈদ ফ্যাশনে শাকিব খানের সিনেমার প্রচারণা
আসন্ন ঈদে মুক্তি পাচ্ছে শাকিব খান ও পূজা চেরি অভিনীত ‘গলুই’। সিনেমাটি মুক্তি উপলক্ষে এখন চলছে প্রচারণা। এ প্রচারণার কৌশল হিসেবে ‘গলুই’ সিনেমার পোশাক নিয়ে আসছে একটি ফ্যাশন হাউস।
গ্রাম বাংলার সংস্কৃতি আর ঐহিত্যের চিত্র উঠে এসেছে গলুই-তে। নায়ক শাকিব খান আগেই জানিয়েছেন, ‘গলুই’ সম্পূর্ণভাবে চিরাচরিত নিজেদের গল্প ও সংস্কৃতির ছবি। যেখানে মাটি ও মানুষের আবেগ অনুভূতি, পিরিওডিক্যাল প্রেম উঠে আসবে।
বিশ্ব রঙ প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী বিপ্লব সাহা বলেন, ঈদে আমরা ‘গলুই’ সিনেমার বিভিন্ন অনুষঙ্গ দিয়ে অলংকৃত পোশাক নিয়ে আসবো। যার মধ্যে শাড়ি, সালোয়ার কামিজ, পাঞ্জাবি ইত্যাদি রয়েছে। দেশীয় পোশাকশিল্পের প্রেক্ষাপটে একটি ভিন্ন রূপকল্পের চিন্তা ভাবনা করছি। এসব পোশাকে টাইপোগ্রাফি, নকশায় গ্রাফিক্যাল ফর্ম আর ‘গলুই’ চলচ্চিত্রের নামলিপিসহ স্থিরচিত্রের ভিন্ন ভিন্ন অনুষঙ্গ দিয়ে অলংকৃত করা হবে।
তিনি আরো বলেন পোষাকগুলো এ ঈদে পাওয়া যাবে। বিশ্ব রঙের বিভিন্ন শো রুমে। সেইভাবে কাজ চলছে। খুব তাড়াতাড়ি বাজারে আসবে পোশাকগুলো।
২০২০-২১ অর্থ বছরে সরকারি অনুদানের ‘গলুই’ সিনেমা নৌকাবাইচ ও একটি পিরিওডিক্যাল গল্পকে কেন্দ্র করে নির্মিত হয়েছে। পরিচালনা করেছেন এসএ হক অলিক। খোরশেদ আলম খসরুর প্রযোজনায় সিনেমাটিতে শাকিব খানের নায়িকা পূজা চেরী। গত ২৯ ডিসেম্বর ছবিটি সেন্সর থেকে মুক্তির অনুমতি পায়।
শাকিব-পূজা ছাড়াও অভিনয় করেছেন আলী রাজ, সুচরিতা, সমু চৌধুরী প্রমুখ। সিনেমার গানগুলো করেছেন কুমার বিশ্বজিৎ, হাবিব, এস আই টুটুল প্রমুখ।