শুভ জন্মদিন শাকিব খান
জীবনে আরও এক নতুন বছরে পা রাখলেন ঢাকাই ছবির সুপারস্টার শাকিব খান। তাকে ভালোবেসে কেউ কেউ ঢালিউড কিং, কেউ বলেন ভাইজান, আবার অনেকে সুপারস্টার। আজ (২৮ মার্চ) জনপ্রিয় এ চিত্রনায়কের ৪৩তম জন্মদিন। তবে বিশেষ এ দিনটিতে যুক্তরাষ্ট্রেই তার জন্মদিন উদযাপিত হচ্ছে।
১৯৭৯ সালের ২৮ মার্চে নারায়ণগঞ্জ জন্মগ্রহণ করেন শাকিব খান। শাকিব খানের প্রকৃত নাম মাসুদ রানা। তার বাবা ছিলেন একজন সরকারি চাকরীজীবী। মা গৃহিণী। তারা এক ভাই ও এক বোন। শাকিব খানের ইচ্ছে ছিল ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়ার। মনের অজান্তেই অভিনয়ের প্রতি ঝোঁক চলে আসে তার।
ঢাকাই সিনেমার ক্যারিয়ার ২২ বছর হলেও রাজার হালে ১৫ বছরের বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে সিংহাসনে বসে আছেন শাকিব খান। প্রযোজক-পরিচালকের কাছে ভরসার স্থল শাকিব! তিনি থাকলেই যেন ছবি হিট!
দেড় দশকেরও বেশি সময় ধরে অভিনয় করে চললেও কিং খান হিসেবে শাকিবের উত্থানটা ২০০৭ সালের দিকে। তারপর থেকে ঢাকাই ছবির শীর্ষ নায়ক শাকিব। বলা হয়ে থাকে তিনিই ইন্ডাস্ট্রি! তাকে ঘিরেই এখানে টাকা লগ্নি হয়; ব্যবসার বীজ বোনেন প্রযোজক-হল মালিকরা।
অনেক নতুন মুখ আসে আবার হারিয়েও যাচ্ছে। কিন্তু শাকিব বহাল তবিয়তে রাজার আসনে বসে আছেন বাংলা ছবির নায়কদের রাজত্বে। এই যে চলচ্চিত্রের মন্দার বাজার তবুও তিনি আশা জাগাতে পারেন। এটাই শাকিবের সবচেয়ে বড় ক্যারিশমা। শত বাধা বিপত্তি টপকে শাকিব হাল ধরে আছেন ইন্ডাস্ট্রির। সমসাময়িক প্রায় সব প্রবীণ-নবীন নির্মাতার সাথেই কাজ করেছেন তিনি।
নায়ক হয়েছেন মৌসুমী-শাবনূর-পপি-পূর্ণিমা থেকে শুরু করে আজকের নবাগতা কয়েকজন নায়িকার সঙ্গেও। পাশাপাশি যৌথ প্রযোজনা ও কলকাতার লোকাল প্রডাকশনের ছবি করে শাকিব বাংলাদেশের সুনাম অর্জন করেছেন পশ্চিমবঙ্গেও! এ কারণে তাকে আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশী মেগাস্টার বলে সম্বোধন করা হয়।
বিশেষ এই দিনটিকে বিশেষ এ দিনটি স্মরণীয় করে রাখতে নিউ ইয়র্ক শহরের একটি কনভেশন সেন্টারে জমকালো মহরত করবেন তিনি। সেখানে এসকে ফিল্মসের ব্যানারে নির্মিতব্য একটি সিনেমার মহরতও করবেন এই নায়ক। যে মহরতে আমন্ত্রিত অতিথিদের তালিকায় থাকবেন নিউ ইয়র্কের প্রভাবশালী ব্যক্তিবর্গ ও স্বনামধন্য বেশকিছু সংবাদমাধ্যম।
সিনেমাটি পরিচালনা করবেন হিমেল আশরাফ। সেখান থেকে ছবিটির পোস্টার উন্মোচনের মাধ্যমে ছবির নাম, কোন কোন দেশে মুক্তি পাবে, লুক কী থাকবে- এ টু জেড জানানো হবে।