চমক নিয়ে আসছেন শাকিব খান
ঢাকাই ছবির শীর্ষ নায়ক শাকিব খানের আজ জন্মদিন। আর এদিনই নিজের ভক্তদের জন্য চমক নিয়ে আসছেন তিনি। দিনটি উপলক্ষ্যে নিউইয়র্ক শহরের একটি কনভেনশন সেন্টারে হবে নতুন সিনেমার জমকালো আয়োজন। হিমেল আশরাফ পরিচালিত ছবিটির নাম ‘রাজকুমার’। যেখানে শাকিবের বিপরীতে দেখা যাবে মার্কিন নায়িকাকে।
বর্তমানে যুক্তরাষ্ট্রে থাকায় নায়কের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস এই বিশেষ আয়োজনটি করছে। ছবিটির অন্যতম প্রযোজক জাকারিয়া মাসুদ বিষয়টি নিশ্চিত করেছেন। এসকে ফিল্মসের সঙ্গে এতে সহযোগী প্রযোজক হিসেবে আছেন কাজী রিটন ও জাকারিয়া মাসুদ।
জাকারিয়া মাসুদ জানান, গত ২০ বছর ধরে তিনি নাটক প্রযোজনা করছেন। এবারই প্রথম সিনেমায় আসছেন। তাই আয়োজনের কমতি রাখতে চান না। শুধু বাংলাদেশে নয়, যুক্তরাষ্ট্রের সব সিনেমা হল, মধ্যপ্রাচ্য, ভারতসহ অনেক দেশে মুক্তি পাবে ছবিটি। বাংলাদেশের সব রেকর্ড ছাড়িয়ে যাবে বলে আশাবাদ তার।
তিনি বলেন, আমেরিকার একজন নায়িকা থাকছেন শাকিব খানের বিপরীতে। আজ (২৮ মার্চ) জমকালো আয়োজনে নায়কের জন্মদিনে সবকিছু জানানো হবে।
জানা যায়, আগামী জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকে আমেরিকায় সিনেমার শুটিং শুরু হবে। টানা এর কাজ চলবে আগস্ট পর্যন্ত।
অন্যদিকে, শাকিব খান গত নভেম্বরের মাঝামাঝি থেকে আমেরিকাতে আছেন। তবে কবে দেশে ফিরবেন, তা নিশ্চিত করেননি সবচেয়ে জনপ্রিয় এ নায়ক। জানিয়েছেন, নিশ্চয়ই দেশে ফিরবেন, স্থায়ীভাবে আমেরিকায় থাকার ইচ্ছা নেই তার।