ঢাকা,  শুক্রবার   ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

আঁচলের প্রেমে হাবুডুবু খাচ্ছেন সাইমন!

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৩০, ১০ নভেম্বর ২০২০
আঁচলের প্রেমে হাবুডুবু খাচ্ছেন সাইমন!
আঁচল-সাইমন

ঢাকাই সিনেমার দুই জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রী সাইমন-আঁচল। প্রথমবার এই দুজনকে এক ফ্রেমে দেখা যাবে জুটি হিসেবে। সম্প্রতি শুরু হয়েছে নতুন এক ছবির শুটিং। ছবিটির নাম ‘কাজের ছেলে’। এটি নির্মাণ করছেন প্রবীণ চলচ্চিত্র পরিচালক মনতাজুর রহমান আকবর। রোববার (০৮ নভেম্বর) থেকে সাভারের ধামরাইয়ে সিনেমাটির শুটিং শুরু হয়েছে।

নতুন এই সিনেমায় নায়ক হিসেবে শুটিং শুরু করেছেন জনপ্রিয় চিত্রনায়ক সাইমন সাদিক। বিপরীতে তার সঙ্গে আছেন সিনেমার নায়িকা আঁচল আঁখি। ‘কাজের ছেলে’ দিয়েই সাইমন-আঁচল প্রথমবার সিনেমায় জুটি হলেন।

সিনেমায় বাঁশিবাদক রাজুর চরিত্রে সাইমন সাদিক ও ধনী পরিবারের মেয়ে রানি চরিত্রে আঁচল অভিনয় করছেন। সিনেমাটির কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ আব্দুল্লাহ জহির বাবুর। সাইমন ও আঁচল ছাড়াও ছবিতে রয়েছেন বড়দা মিঠু, রিনা খান, রেবেকা, সুব্রত, ডাক্তার বাবু প্রমুখ।

Advertisement

সিনেমাটি প্রসঙ্গে মনতাজুর রহমান আকবর বলেন, ‘ছবিটি প্রযোজনা করছে মোহনা মুভিজ। একই প্রযোজনা প্রতিষ্ঠানের বেশকিছু সিনেমা আমার হাতে রয়েছে। তার মধ্যে ‘কাজের ছেলে’ সিনেমাটি দ্বিতীয়। আজ মহরতের মধ্যে দিয়ে শুটিং শুরু করলাম। একটানা ১৫ দিন শুটিং করবো এখানে।’

নায়ক সাইমন বলেন, ‘আমাদের সিনেমা ইন্ডাস্ট্রিতে মনতাজুর রহমান আকবর একটি ব্র্যান্ড। দীর্ঘদিন তিনি ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন। তার সিনেমায় কাজ করে নায়ক মান্না ভাই, শাকিব ভাইসহ অনেক সিনিয়ররা সাফল্য পেয়েছেন। তাই তার সঙ্গে কাজ করাটা আমার কাছে বাড়তি আনন্দের। গল্পটা চেনা গন্ডির হলেও এর নির্মাণ ও উপস্থাপনে অনেক নতুনত্ব থাকবে।

আমার এবং আঁচলের চরিত্র দুটি খুবই চমৎকার। নিজের অভিনয় ফুটিয়ে তোলার অনেক সুযোগ আছে। চেষ্টা করে যাচ্ছি দর্শক সিনেমাটি উপভোগ করবেন সেই প্রত্যাশা নিয়ে।’

ছবিটি নিয়ে আশাবাদী নায়িকা আঁচলও। তিনি জানান, ‘খুব চমৎকার লোকেশনে কাজ করছি। গোছানো একটি টিম।’

ডেইলি-বাংলাদেশ/এএ
লিংক সফলভাবে কপি হয়েছে!