কিছু হল খুললো, কিছু হল বন্ধ
দীর্ঘ সাত মাস বন্ধ ছিল দেশের প্রেক্ষাগৃহ। যা ঢালিউডের ইতিহাসে প্রথম। এতো দীর্ঘ সময় সিনেমা হলের রঙিন পর্দা আলো ছড়ায়নি এমন নজির নেই। অবশেষে আজ খুললো সিনেমা হল।
তথ্য মন্ত্রণালয়ের পরিচালক-তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মীর আকরাম উদ্দীন আহম্মদ বলেন, কোভিড-১৯ পরিস্থিতিতে যথাযথ স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব নিশ্চিত করে সিনেমা হলের আসন সংখ্যা কমপক্ষে অর্ধেক খালি রাখার শর্তে এ অনুমতি দেয়া হয়েছে।
প্রযোজক পরিবেশক সমিতির হিসাব মতে, মুক্তির অপেক্ষায় আছে ২৪টি সিনেমা। কিন্তু, ১৬ অক্টোবর হল খুললেও করোনা মহামারির কারণে নতুন সিনেমা মুক্তি দিতে চাইছেন না পরিচালক ও প্রযোজকরা।
প্রযোজক পরিবেশক সমিতি সূত্র জানিয়েছে, ১৬ অক্টোবর মুক্তির জন্য আবেদন করা একমাত্র ছবি ‘সাহসী হিরো আলম’। কিন্তু সি গ্রেডের এ ছবি নিয়ে হল মালিকদের প্রত্যাশা শূণ্যের কোঠায়। এছাড়া পরের দুই সপ্তাহ ২৩ ও ৩০ অক্টোবর নতুন ছবি মুক্তির জন্য একটিও আবেদন পড়েনি।
মুক্তির অপেক্ষায় থাকা সিনেমার মধ্যে আছে, ‘মেকআপ’, ‘জ্বিন’, ‘ওস্তাদ’, ‘বিশ্ব সুন্দরী’, ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু’, ‘বিদ্রোহী’, ‘উনপঞ্চাশ বাতাস’, ‘মিশন এক্সট্রিম’, ‘মিশন এক্সট্রিম টু’, ‘শান’, ‘পরান’, ‘বিক্ষোভ’, ‘ক্যাসিনো’, ‘আনন্দ অশ্রু’ ইত্যাদি।
রাজধানীতে শ্যামলী সিনেপ্লেক্স, মধুমিতা, বলাকাসহ বেশ কিছু সিনেমা হল খুলছে না আজ। তবে আনন্দ, চিত্রামহল, গীতসহ বেশ কয়েকটি সিনেমা হল খুলছে বলে জানা গেছে। এছাড়া যমুনা ব্লকবাস্টার সিনেমাসে সাতটি স্ক্রিনের মধ্যে একটি স্ক্রিনে আজ থেকেই সিনেমা দেখানো হবে। আর স্টার সিনেপ্লেক্সের সব শাখা চালু হবে ২৩ অক্টোবর থেকে।
১৮ মার্চ থেকে সিনেমা হল বন্ধের সরকারি নির্দেশনা জারি হয়েছিল। এর পর কয়েক মাস ধরেই চলচ্চিত্রসংশ্লিষ্ট ব্যক্তিরা সরকারের কাছে আবেদন করে আসছেন সিনেমা হল খোলার জন্য। সেই অনুমতি মিললেও সব হল খুলছে না এই মুহূর্তে।