দীপিকাকে নিয়ে ফের বলিউড কাঁপাবেন শাহরুখ!
ক্যারিয়ারের শুরু থেকেই ধারাবাহিক ব্যবসা সফল ছবির বদান্যতায় সিনেমা প্রেমীদের থেকে বলিউডের কিং তকমা পেয়ে যান শাহরুখ খান। এক সময় দীপিকার সঙ্গে জুটি বেঁধে দুটি সিনেমা করেন শাহরুখ, যা ব্যবসা সফল হয়। কিন্তু বেশ কয়েক বছর ধরে শাহরুখের টানা চারটি সিনেমা বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। তাই এবার দীপিকাকে নিয়ে শাহরুখ খান ফের বলিউড কাঁপাবেন বলে প্রত্যাশা করছেন সিনেমা বিশ্লেষকরা।
প্রাপ্ত তথ্যানুযায়ী, ‘ওম শান্তি ওম’ সিনেমার মাধ্যমে শাহরুখ খানের সঙ্গে প্রথম জুটি বাঁধেন দীপিকা পাড়ুকোন। ওই সিনেমাটি তখনকার সময়ে মারদাঙ্গা ব্যবসা করে। পরে দুইজনের অনবদ্য অভিনয়ের মাধ্যমে চেন্নাই এক্সপ্রেস সিনেমাও ব্যবসা সফল হয়। কিন্তু এরপর থেকেই শাহরুখ খানের ক্যারিয়ারে ব্যর্থতার আভাস মেলে। ‘ফ্যান’, ‘রইস’, ‘যব হ্যারি মেট সেজল’ ও জিরো সিনেমা বক্স অফিসে ব্যর্থ হয়।
তবে এবার বলিউড কিং শাহরুখ খান নতুন সিনেমা নিয়ে ফেরার খবর পাওয়া গেছে। সিনেমার নাম হবে পাঠান। আর সিনেমাকে ব্যবসা সফল করতে নায়িকা হিসেবে দীপিকা পাড়ুকোনের ওপর ভরসা করছেন তিনি। কারণ শাহরুখ-দীপিকা জুটি মানেই সিনেমা প্রেমী দর্শকদের জন্য আলাদা রোমাঞ্চকর অনুভূতি। তাই পাঠান সিনেমার মাধ্যমে ফের বলিউডের বক্স অফিস কাঁপাবেন বলে প্রত্যাশা করছেন সিনেমা বিশ্লেষকরা।
ভারতীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, ২০১৮ সালের ডিসেম্বরে সবশেষ শাহরুখের খান অভিনীত 'জিরো' সিনেমা মুক্তি পেয়েছিল। এরপর নতুন কোনো সিনেমায় চুক্তিবদ্ধ হননি এ অভিনেতা। আর চুক্তিবদ্ধ হলেও তা প্রকাশ করেননি। তবে ‘পাঠান’ সিনেমার মাধ্যমে বলিউডে কামব্যাক করতে চলেছেন রোম্যান্স কিং শাহরুখ।
সূত্রের খবর অনুযায়ী, শাহরুখের পরের ছবি বানাবেন ‘ওয়ার সিনেমার পরিচালক সিদ্ধার্থ আনন্দ। সিনেমার প্রযোজনায় থাকবে বলিউডের অন্যতম বড় প্রযোজনা সংস্থা যশ রাজ ফিল্মস। সংস্থাটির ৫০ বর্ষপূর্তি উপলক্ষে সিনেমা ঘোষণা দেয়ার সম্ভাবনা রয়েছে।