ঢাকা,  সোমবার   ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

মিশা-জায়েদকে নিয়ে দ্বন্দ্ব নিরসনে এগিয়ে আসছেন ইলিয়াস কাঞ্চন!

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৩:৪৬, ২৫ জুলাই ২০২০
মিশা-জায়েদকে নিয়ে দ্বন্দ্ব নিরসনে এগিয়ে আসছেন ইলিয়াস কাঞ্চন!
ইলিয়াস কাঞ্চন

সম্প্রতি বেশ কিছু অভিযোগ এনে চলচ্চিত্রসংশ্লিষ্ট ১৮টি সংগঠন থেকে বয়কট করে শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক জায়েদ খানকে। তাদের দাবি এই দুই নেতার পদত্যাগ করতেই হবে। তা না হলে শিল্পী সমিতির সদস্য শিল্পীদের এড়িয়ে চলবে ১৮ সংগঠন। এই ঘোষণার বিপক্ষে অবস্থান নিয়ে নিন্দা জানিয়েছে শিল্পী সমিতি। অনেক সিনিয়র শিল্পীরাও প্রতিবাদ জানিয়েছেন।

এ নিয়ে উত্তাল এখন চলচ্চিত্রপাড়া। সত্যি কি মিশা-জায়েদ পদত্যাগ করবেন? শিল্পীরা তাদের সংগঠন বাঁচাতে, চলচ্চিত্র পরিবারের সঙ্গে একতাবদ্ধ থাকতে তাদের দুই নেতাকে ত্যাগ করবেন- এইসব প্রশ্ন ঘুরপাক খাচ্ছে এফডিসিতে। অস্থিরতা কাটাতে কী হবে আদতে সমাধান?

খোঁজ নিতে গিয়ে জানা গেল, চলচ্চিত্রের বর্তমান এই পরিস্থিতি স্বাভাবিক করতে মধ্যস্থতাকারী হিসেবে এগিয়ে আসতে যাচ্ছেন ঢাকাই সিনেমার নন্দিত অভিনেতা ইলিয়াস কাঞ্চন। তিনি সিনেমার মানুষদের মধ্যে বিবাদ ও দ্বন্দ্ব মেটাতে মাঠে নামতে যাচ্ছেন। এরই মধ্যে নাকি আলোচনায় বসতে প্রতিটি সংগঠনের নেতৃবৃন্দকে চিঠি পাঠানোর সিদ্ধান্তও নিয়েছেন তিনি।

Advertisement

একটি সূত্রের দাবি, ইলিয়াস কাঞ্চন শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক হিসেবে শিল্পীদের কাছে সফল নেতা হিসেবে জনপ্রিয়। তার উপর আস্থা রাখেন সমিতির সদস্যরা। পাশাপাশি ব্যক্তিত্বের কারণে চলচ্চিত্রের সবার কাছেই তিনি প্রিয়জন। তাই তিনি উদ্যোগ নিলে চলমান পরিস্থিতির উন্নতি ঘটবে বলে আশা করা যায়। 

এ বিষয়ে ইলিয়াস কাঞ্চন বলেন, আমি সিনেমার মানুষ এটাই আমার বড় পরিচয়। এখানকার প্রতিটি মানুষই আমার আপন। কখনোই চাই না চলচ্চিত্রের মানুষদের সঙ্গে শিল্পীদের সম্পর্ক খারাপ থাকুক, দূরত্ব বাড়ুক। সিনেমার এই দুর্দিনে আমরা এক হয়ে পথ চলতে চাই। সেজন্য বর্তমান পরিস্থিতি ঠিক করতে শিগগিরই ব্যবস্থা নেয়া প্রয়োজন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!