ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

শহিদ নিলয়ের নামে পাবিপ্রবিতে ফুটবল টুর্নামেন্ট

পাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৩০, ৭ নভেম্বর ২০২৪
শহিদ নিলয়ের নামে পাবিপ্রবিতে ফুটবল টুর্নামেন্ট
ছবি: ডেইলি বাংলাদেশ

পাবনায় ছাত্র আন্দোলনে শহিদ মাহবুব হাসান নিলয়ের স্মৃতিকে অমলিন রাখতে এবং তার আদর্শে নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করতে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট-২০২৪ এর আয়োজন করা হয়েছে। 

আগামী ১৩ নভেম্বর থেকে ২৩ নভেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া শিক্ষা দফতরের ব্যবস্থাপনায় পাবিপ্রবির কেন্দ্রীয় খেলার মাঠে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। 

ফুটবল টুর্নামেন্ট পরিচালনা কমিটি-২০২৪ এর সদস্য সচিব মো. শোহান হোসেন সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Advertisement

ক্রীড়া কর্মকর্তারা জানান, বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি বিভাগের দলগুলোর অংশগ্রহণে এই টুর্নামেন্টটি পাবিপ্রবির ক্যাম্পাসে নতুন উদ্দীপনা নিয়ে আসবে। প্রতি খেলার দিন শিক্ষার্থীদের ব্যাপক আগ্রহ ও উপস্থিতি প্রত্যাশা করা হচ্ছে। 

কর্মকর্তারা আরো জানান, এটি মাহবুব হাসান নিলয়ের আত্মত্যাগের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপনের একটি ক্ষুদ্র প্রচেষ্টা। এই টুর্নামেন্ট শিক্ষার্থীদের শহিদের আদর্শে অনুপ্রাণিত করবে এবং তাদের মধ্যে শৃঙ্খলা ও দায়িত্বশীলতার বোধ জাগ্রত করবে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এসএম আব্দুল আওয়াল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

পাবিপ্রবি শিক্ষার্থী ফয়সাল আহমেদ বলেন, নিলয় ভাই আমাদের চোখে সাহস আর প্রতিবাদের প্রতীক। এই টুর্নামেন্ট শুধু খেলার জন্য নয়, এটি আমাদের কাছে তার আদর্শের পথে চলার প্রেরণা। আমরা চাই, তার মত সাহসী হতে এবং অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে। এই টুর্নামেন্ট আমাদের ঐক্য আর শক্তির প্রতীক হিসেবে থাকবে।

ক্রীড়া শিক্ষা দফতর থেকে সাংবাদিকদের এই টুর্নামেন্টের সংবাদ প্রচার ও সম্প্রচারে সহযোগিতা করতে অনুরোধ জানানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: পাবিপ্রবি
লিংক সফলভাবে কপি হয়েছে!