সোমবার (৩০ সেপ্টেম্বর) যমুনা থেকে বেরিয়ে রাত সাড়ে ৮টায় সাংবাদিকদের এ কথা জানান ৩৫ প্রত্যাশী সাধারণ শিক্ষার্থী সমন্বয়ক পরিষদের সংগঠক রাসেল আল মাহমুদ।
রাসেল বলেন, ‘প্রধান উপদেষ্টার দুই প্রতিনিধি হিসেবে আমরা আসিফ মাহমুদ ও নাহিদ ইসলামের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেছি। আগামীকাল মঙ্গলবার দাবি বাস্তবায়নের জন্য জনপ্রশাসন সংস্কার উপদেষ্টা আবদুল মুয়ীদ চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করার কথা বলা হয়েছে। এছাড়া দাবি বাস্তবায়নের জন্য যেই আলোচনাটি আগামীকাল মঙ্গলবার অনুষ্ঠিত হবে, সেটি সাত দিনের মধ্যে প্রতিবেদন আকারে প্রকাশ করা হবে।
.png)
তিনি বলেন, আমাদের দাবিটি খুব দ্রুত বাস্তবায়ন করা হবে, তাই মঙ্গলবার বসার আহ্বান জানানো হয়েছে। এতটুকু নিশ্চিত করা হয়েছে, জনপ্রশাসন সংস্কারের প্রথম যে কাজটি কাজটি হবে, সেটি হলো চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ দাবি এবং শর্ত সাপেক্ষে উন্মুক্ত করা।
রাসেল আরো বলেন, আলোচনার জন্য নয়। এই আলোচনা আমরা আগেও অনেক করেছি। আগামীকাল আমরা দাবি বাস্তবায়নের জন্য বসব।
আরেক সংগঠক আবু সাইদ সাদ বলেন, দীর্ঘ ১২ বছর আন্দোলন করার পরও আমরা এভাবে সুস্থ পরিবেশে আলোচনার টেবিলে বসার সুযোগ পাইনি। কিন্তু আমাদের সরকারের দুই তরুণ উপদেষ্টা দেড় থেকে দুই ঘণ্টা আলোচনা করেছেন। আমরা আমাদের দাবির প্রসঙ্গে যৌক্তিকতা তুলে ধরেছি। সেখানে আমাদের জনপ্রশাসন সংস্থা কমিটির প্রধান মুহিতের সঙ্গে দাবি প্রসঙ্গে বৈঠকের নিশ্চয়তা দিয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রধান ড. মোহাম্মদ ইউনুসের পরেই দ্বিতীয় প্রধান হিসেবে মুহিত চৌধুরীর অবস্থান।
তিনি আরো বলেন, আমরা কাল বৈঠকে বসতে যাচ্ছি এবং যমুনার সামনে থেকে সরে যাচ্ছি। তাছাড়া যমুনার সামনে বসে এভাবে আন্দোলন করতে পারি না। তাই আমরা এখান থেকে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি পালন করব।
এরপর আন্দোলনকারীরা সেখান থেকে সরতে শুরু করেন।
এর আগে সোয়া ৫টায় ৩৫ প্রত্যাশী সাধারণ শিক্ষার্থী সমন্বয়ক পরিষদের রতন, রুম্মান, সাদ, রাসেল, সুমি, মিয়াজি ও সুরাইয়া আলোচনার জন্য যমুনায় যান। এদিন বেলা দেড়টার দিকে পদযাত্রা নিয়ে ৩৫ প্রত্যাশীরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নেন। এ সময় পুলিশ ৩৫ প্রত্যাশীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহতও হন বলে দাবি ৩৫ প্রত্যাশীদের।
এদিকে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বেলা ১১টার দিকে শাহবাগে জাতীয় জাদুঘরের চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ প্রত্যাশী সাধারণ শিক্ষার্থী সমন্বয় পরিষদের ব্যানারে মহাসমাবেশ অনুষ্ঠিত হয়।