ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

৪৬তম বিসিএস: প্রিলির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ বৃহস্পতিবার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:১১, ৮ মে ২০২৪
৪৬তম বিসিএস: প্রিলির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ বৃহস্পতিবার
ফাইল ফটো

৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ হতে পারে বৃহস্পতিবার (৯ মে)। এদিন দুপুরে সরকারি কর্ম কমিশনে (পিএসসি) বিশেষ কমিশন সভা অনুষ্ঠিত হবে। এতে ফল প্রকাশের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।

বুধবার পিএসসির একজন সদস্য এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বৃহস্পতিবার বিশেষ কমিশন সভা রয়েছে। সেখানে সিদ্ধান্ত চূড়ান্ত হলে বিকেলে ফল প্রকাশ করা হতে পারে।

Advertisement

পিএসসির এ সদস্য আরো বলেন, কোনো কারণে বৃহস্পতিবার না হলে রোববার ৪৬তম বিসিএসের ফল প্রকাশ করা হবে।

এদিকে, ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্নপত্রে কিছু প্রশ্নে অসঙ্গতি বা ভুল থাকার অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়েও পিএসসি সিদ্ধান্ত নিয়েছে। ভুল বা অসঙ্গতি থাকা প্রশ্নগুলোতে সবাইকে নম্বর দিয়ে দেওয়ার নীতিগত সিদ্ধান্ত হয়েছে বলেও জানিয়েছেন পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) শাখার একাধিক কর্মকর্তা।

গত বছরের ৩০ নভেম্বর ৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এ বিসিএসে আবেদন চলে ৩১ ডিসেম্বর পর্যন্ত। ১০ ডিসেম্বর থেকে শুরু হয় আবেদন, যা চলে ৩১ ডিসেম্বর পর্যন্ত। ৪৬তম বিসিএসে আবেদন জমা পড়েছে ৩ লাখ ৩৮ হাজারেরও কিছু বেশি।

পিএসসির বিজ্ঞপ্তি অনুযায়ী, ৪৬তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে শূন্যপদের সংখ্যা ৩ হাজার ১৪০টি। এরমধ্যে সবচেয়ে বেশি নেয়া হবে স্বাস্থ্য ক্যাডারে। এছাড়া শিক্ষা ক্যাডারে বিভিন্ন বিষয়ে ৫২০ জনকে নিয়োগ দেওয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!