লাইব্রেরিকে জ্ঞানচর্চার প্রাণকেন্দ্র বলা হয়৷ এতদিন সপ্তাহে পাঁচদিন খোলা রাখা হতো৷ তবে দীর্ঘদিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দাবি জানিয়ে আসছিল যেন সপ্তাহে সাতদিন লাইব্রেরি রিডিং রুম খোলা রাখা হয়৷
এ সমস্যা নিরসনের জন্য বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ববিসাস) সদস্যরা সাধারণ শিক্ষার্থীদের পক্ষে ৯৬জন শিক্ষার্থীর স্বাক্ষর সংযুক্ত একটি আবেদন গ্রন্থাগারিক বরাবর প্রদান করেন। এর প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. মো. বদরুজ্জামান ভূঁইয়ার (রু.দা) পক্ষে লাইব্রেরিয়ান ড. ধীমান কুমার রায় স্বাক্ষরিত এক অফিস আদেশে শনিবার লাইব্রেরির রিডিং রুম খোলা থাকার সিদ্ধান্ত গ্রহণ করেন৷
.png)
অফিস আদেশে বলা হয়, শিক্ষার্থীদের পড়ালেখার সুবিধার্থে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত আগামী ৯ ডিসেম্বর থেকে প্রতি শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত (বিশ্ববিদ্যালয় ছুটি ব্যতীত) কেন্দ্রীয় লাইব্রেরির রিডিং রুম খোলা থাকবে। এরই প্রেক্ষিতে এখন থেকে সপ্তাহে ছয় দিনই খোলা থাকবে ববির কেন্দ্রীয় লাইব্রেরি৷
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের কোস্টাল স্টাডিস অ্যান্ড ডিজার্টাস ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী হূমায়ুন মাহমুদ ইলিয়াস বলেন, দীর্ঘদিন যাবত শিক্ষার্থীদের দাবি ছিল সপ্তাহে সাতদিন লাইব্রেরি খোলা রাখার। সাংবাদিক সমিতি(ববিসাস) লিখিত দাবি জানিয়েছিল৷ বর্তমান উপাচার্য স্যার দায়িত্ব নেওয়ার পরে স্যার বিষয়টিকে খুবই ইতিবাচকভাবে দ্রুত কার্যকরী পদক্ষেপ নিয়েছেন৷ এজন্য তাকে ধন্যবাদ৷