সিকৃবির সঙ্গে দক্ষিণ কোরিয়ার গবেষণা প্রতিষ্ঠানের সমঝোতা চুক্তি
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) এবং দক্ষিণ কোরিয়ার গবেষণা প্রতিষ্ঠান ‘সেভ দ্যা ফার্মস’ এর গ্রিন বায়ো রিসার্চ সেন্টারের মধ্যে সমঝোতা চুক্তি (এমওএ) স্বাক্ষরিত হয়েছে। আন্তর্জাতিক মানের গবেষণা করতে ও গবেষণায় শিক্ষার্থীদের সুযোগ তৈরি করে দিতে দুই প্রতিষ্ঠানের পারষ্পরিক সহযোগিতায় চুক্তিটি স্বাক্ষরিত হয়।
বুধবার (১০ মে) সকাল ১০টায় সিকৃবি উপাচার্য অধ্যাপক ডা. মো. জামাল উদ্দিন ভূঞার উপস্থিতিতে এই চুক্তি স্বাক্ষরিত হয়।
চুক্তি স্বাক্ষর করেন বহিরাঙ্গনের পরিচালক ড. তিলক চন্দ্র নাথ এবং দক্ষিণ কোরিয়ার গ্রিন বায়ো রিসার্চ সেন্টারের পরিচালক ড. স্যাং হুন কিম।
এ সময় সিকৃবি উপাচার্য অধ্যাপক ডা. মো. জামাল উদ্দিন ভূঞা বলেন, ‘এটি একটি মাইলফলক। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের গুণগত মান বৃদ্ধি পাবে এবং দক্ষ গ্রাজুয়েট তৈরির মাধ্যমে বিশ্বব্যাপী কাজের সুযোগ সৃষ্টি হবে।’
চুক্তিটি বাস্তবায়নে দুই প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয়ক হিসেবে কাজ করেছেন ড. রানা রায়। তিনি বলেন, ‘বাংলাদেশের তিনটি বিশ্ববিদ্যালয়ে পরিদর্শন করার কথা রয়েছে ড. কিমের। প্রকৃতপক্ষে, এই এমওএ এর মাধ্যমে কৃষি বানায়ন ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সঙ্গে কাজ করবে গ্রিন বায়ো রিসার্চ সেন্টার। মূলত বায়োচার নিয়ে কাজ করা হবে।’
বিভাগটির চেয়ারম্যান ড. সামিউল বলেন, এর মাধ্যমে শিক্ষক ও শিক্ষার্থীদের কাজের সুযোগ তৈরি হবে। প্রযুক্তিগত সহযোগিতার মাধ্যমে মানসম্মত গবেষণা সম্ভব হবে। এই চুক্তির আওতায় বায়োচার নিয়ে কাজের পাশাপাশি সিড বল ডিজাইন, স্মার্ট ফার্মিং, ঔষধি গাছ সংরক্ষণ, জীববৈচিত্র্য সংরক্ষণ ও টেকসই বন সংরক্ষণ নিয়ে কাজ করার কথা রয়েছে।
এর আগে বহিরাঙ্গনের পরিচালক ড. তিলক চন্দ্র নাথের সঞ্চালনায় এমওএ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ডিন কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. মো. মেহেদী হাসান খান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দফতরের পরিচালক অধ্যাপক ড. মো. মোস্তফা সামসুজ্জামান, কৃষি বনায়ন ও পরিবেশবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. সামিউল আহসান তালুকদার, একই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. উমর শরিফ, ড. রানা রায়।
এ ছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি ও গণতান্ত্রিক শিক্ষক পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক প্রমুখ।