ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সাত কলেজে স্নাতক ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের ভর্তির আবেদন রোববার (২ এপ্রিল) থেকে শুরু হয়েছে। এদিন বিকেল ৪টা থেকে শুরু হয়ে আগামী ৩০ এপ্রিল (রোববার) রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত এই কার্যক্রম চলবে। সাত কলেজের ভর্তির বিস্তারিত তথ্য এই ওয়েবসাইটে (https://collegeadmission.eis.du.ac.bd) পাওয়া যাবে।
আবেদন ফি পরিশোধ—
.png)
ভর্তির প্রথম ধাপে শিক্ষার্থীকে ভর্তি পরীক্ষার ফি বাবদ ৬০০ টাকা পরিশোধ করতে হবে। আবেদনকারী দেশের চারটি রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকের (সোনালী, জনতা, রূপালী ও অগ্রণী) যেকোনো শাখায় অথবা অনলাইনে ডেবিট/ক্রেডিট কার্ড, মোবাইল ফিন্যান্সিয়াল সেবা ব্যবহার করে নির্ধারিত সময়সীমার মধ্যে ফি জমা প্রদান করতে পারবে। আবেদন ও ফি জমার বিষয়ে বিস্তারিত তথ্য উল্লিখিত ওয়েবসাইটে পাওয়া যাবে।
ফরম পূরণে যা যা প্রয়োজন—
অনলাইনে ভর্তির ফরম পূরণ ( https://collegeadmission.eis.du.ac.bd) ওয়েবসাইটের মাধ্যমে করা যাবে। ভর্তির আবেদনের জন্য শিক্ষার্থীর মাধ্যমিক/সমমান এবং উচ্চ মাধ্যমিক/সমমানের তথ্য, বর্তমান ঠিকানা ও মোবাইল নম্বর, বাবা-মায়ের জাতীয় পরিচয়পত্র নম্বর (ঐচ্ছিক), কোটা বিষয়ক তথ্য (প্রযোজ্য ক্ষেত্রে) এবং স্ক্যান করা একটি ছবির প্রয়োজন হবে।
বিশেষ শিক্ষার্থীদের জন্য করণীয়—
এ-লেভেল/সমমান, ও-লেভেল/সমমান বিদেশি পাঠ্যক্রমে উত্তীর্ণ শিক্ষার্থীদের সমতা নিরূপণের জন্য (https://collegeadmission.eis.du.ac.bd) ওয়েবসাইটে গিয়ে ‘সমমান আবেদন’ বা ‘Equivalence Application’ মেনুতে আবেদন করে তাৎক্ষণিকভাবে অনলাইনে নির্ধারিত ফি জমা দিতে হবে। সমতা নিরূপণের পর প্রাপ্ত ‘Equivalence ID’ ব্যবহার করে অন্যান্য শিক্ষার্থীর মতো তারা একই ওয়েবসাইটে লগইন করে ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারবে।
তথ্য সংশোধন—
ভর্তিচ্ছু শিক্ষার্থীদের আবেদনে তথ্য/ছবি সংশোধনের (বিশেষ ক্ষেত্রে) সর্বশেষ তারিখ ৯ এপ্রিল (রোববার) থেকে ৫ মে (শুক্রবার) পর্যন্ত চলবে।