এখন পর্যন্ত আবেদন জমা পড়েছে ৩ লাখ ৭১ হাজার ২০১টি। এর মধ্যে স্বতন্ত্র আবেদনকারীর সংখ্যা ২ লাখ ২৬ হাজার ৪০ জন।
সোমবার (২ মার্চ) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে ডেইলি বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।
.png)
তিনি জানান, তিনটি ইউনিট মিলে এখন পর্যন্ত ৩ লাখ ৭১ হাজার ২০১টি আবেদন জমা পড়েছে। এর মধ্যে মানবিক বিভাগভুক্ত ‘এ’ ইউনিটে ১ লাখ ৩৭ হাজার ৩৭৮টি, বাণিজ্য বিভাগভুক্ত ‘বি’ ইউনিটে ৯০ হাজার ৯৮৮টি এবং বিজ্ঞান বিভাগভুক্ত ‘সি’ ইউনিটে ১ লাখ ৪২ হাজার ৮৩৫টি আবেদন জমা হয়েছে। একজন শিক্ষার্থী যোগ্যতা অনুযায়ী তিনটি ইউনিটে আবেদন করতে পারছে। সে হিসেবে স্বতন্ত্র আবেদনকারীর সংখ্যা ২ লাখ ২৬ হাজার ৪০ জন।
প্রাথমিক আবেদন শেষে উচ্চ মাধ্যমিক ফলাফলের ভিত্তিতে উত্তীর্ণ ভর্তিচ্ছুরা চূড়ান্ত আবেদন করতে পারবে। আগামী ৯ এপ্রিল দুপুর ১২টা থেকে শুরু হবে চূড়ান্ত পর্যায়ের আবেদন। চলবে ১৫ এপ্রিল রাত ১২টা পর্যন্ত। চারটি ধাপে চূড়ান্ত আবেদন সম্পন্ন করা হবে।
প্রসঙ্গত, রাবির ভর্তি পরীক্ষা তিনটি (এ, বি, সি) ইউনিটে অনুষ্ঠিত হবে। আগামী ২৯ মে ‘সি’ (বিজ্ঞান) ইউনিট, ৩০ মে ‘এ’ (মানবিক) ইউনিট এবং ৩১ মে ‘বি’ (বাণিজ্য) ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বহুনির্বাচনী পদ্ধতিতে ১০০ নম্বরে ভর্তি পরীক্ষায় ৮০টি প্রশ্ন থাকবে। সময় ১ ঘণ্টা। প্রতি চারটি ভুলের জন্য এক নম্বর কাটা যাবে। এছাড়াও ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য ও প্রযোজ্য শর্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.ru.ac.bd থেকে জানা যাবে।