ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

রাবিতে ছাত্রলীগের র‌্যাগিং বিরোধী সমাবেশ

রাবি প্রতিনিধি
প্রকাশিত: ১৮:১১, ২৭ ফেব্রুয়ারি ২০২৩
রাবিতে ছাত্রলীগের র‌্যাগিং বিরোধী সমাবেশ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানির বিরুদ্ধে গণসচেতনতা শোভাযাত্রা। ছবি: ডেইলি বাংলাদেশ

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে র‌্যাগিং ও যৌন হয়রানির বিরুদ্ধে গণসচেতনতা শোভাযাত্রা ও সমাবেশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগ।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে সংগঠনটির দলিয় টেন্টে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। 

সমাবেশে রাবি শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া বলেছেন, বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা প্রিয়তমাকে কিংবা তার বান্ধবীকে যেমন চিঠি লিখবে, একইভাবে নেতাকর্মীরা যেখানে অন্যায়, র‌্যাগিং কিংবা সেক্সুয়াল হ্যারাসমেন্টের মতো কাজ হবে, সেখানে তারা প্রতিবাদ গড়ে তুলবে। এভাবে রাজশাহী বিশ্ববিদ্যালয়কে আমরা স্মার্ট বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে চাই।

Advertisement

সভাপতি আরো বলেন, শিক্ষার সুষ্ঠু পরিবেশ রক্ষা ও শিক্ষার্থীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বৃদ্ধিই ছাত্রলীগের লক্ষ্য। ছাত্রলীগ র‌্যাগিং কিংবা যৌন হয়রানি সমর্থন করে না। এসব কর্মকাণ্ড বিশ্ববিদ্যালয় যাতে সংঘটিত না হয়, সেজন্য ছাত্রলীগ সর্বদা সোচ্চার রয়েছে। 
তিনি বলেন, সংগঠনের কোনো নেতাকর্মী যদি এমন অপকর্মে জড়িত হয়, যথাযথ প্রমাণ সাপেক্ষে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

যুগ্ম-সাধারণ সম্পাদক মামুন শেখ বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে শিক্ষার পরিবেশ স্বাভাবিক রাখার চেষ্টা করে। তারই ধারাবাহিকতায় আজকের এই পদযাত্রা। এই বিশ্ববিদ্যালয়ে কোনো র‌্যাগিং, কোনো সেক্সুয়াল হ্যারাসমেন্ট হবে না। যদি কোথাও এ ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে ছাত্রলীগ সবার আগে গিয়ে ভুক্তভোগীর পাশে দাঁড়াবে। তাদের পক্ষে ছাত্রলীগ অনড় অবস্থান নিবে।

সমাবেশে শাখা ছাত্রলীগসহ হল ইউনিটের বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!