সিকৃবিতে স্নাতকোত্তর শিক্ষার্থীদের নবীনবরণ
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) স্নাতকোত্তর শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। স্নাতকোত্তর পর্যায়ে শিক্ষার্থীরা এবারই প্রথম অনলাইনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় কাজ সম্পন্ন করার সুযোগ পাচ্ছে। এছাড়াও প্রথমবারের মতো ছয়টি অনুষদে সব বিভাগের চূড়ান্ত পরীক্ষাগুলো একযোগে অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (৩১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে সকাল সাড়ে ৯টায় স্নাতকোত্তর শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান শুরু হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. জামাল উদ্দিন ভূঞা। এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিন কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ মেহেদী হাসান খান, স্নাতকোত্তরের ডিন অধ্যাপক ড. কাজী মেহেতাজুল ইসলাম, রেজিস্ট্রার মো. বদরুল ইসলাম শোয়েবসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
এবার ৪৬টি বিভাগের মধ্যে নয়টি বিভাগে কোনো শিক্ষার্থী ভর্তি হয়নি। কেবল মাত্র কৃষি ও মাৎস্যবিজ্ঞান অনুষদের সব বিভাগে শিক্ষার্থী ভর্তি হয়েছে। এর মধ্যে মাৎস্যবিজ্ঞান অনুষদের উপকূলীয় ও সামুদ্রিক মাৎস্যবিজ্ঞান বিভাগে সর্বোচ্চ ১৮ শিক্ষার্থী ভর্তি হয়েছে।
অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যাপক ডা. মো. জামাল উদ্দিন ভূঞা নবাগত ছাত্র-ছাত্রীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, প্রতিযোগিতামূলক বিশ্বে কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করে পরিবারের পাশাপাশি দেশ ও মানুষের প্রত্যাশা পূরণে তোমাদের কাজ করে যেতে হবে।
স্নাতকোত্তরের ডিন অধ্যাপক ড. মেহেতাজুল ইসলাম বলেন, ৪৬টি বিভাগে স্নাতকোত্তর শিক্ষার্থী ভর্তির সুযোগ থাকলেও কিছু বিভাগে শিক্ষার্থীরা ভর্তি হয়নি।
তিনি বলেন, ভর্তিকৃত স্নাতকোত্তর শিক্ষার্থীদের পরীক্ষায় শৃঙ্খলা আনতে কেন্দ্রীয়ভাবে পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেখানে নির্ধারিত তারিখে ছয়টি অনুষদে একযোগে পরীক্ষা নেয়া হবে। এছাড়াও শিক্ষার্থীদের কষ্ট লাঘবে পরীক্ষার যাবতীয় তথ্য ও ফি অনলাইনের মাধ্যমে নেয়া হবে।
স্নাতকোত্তর শিক্ষার্থী দীপঙ্কর অধিকারী বলেন, এই বিশ্ববিদ্যালয়েই স্নাতক সম্পন্ন করেছি, এখন এই বিশ্ববিদ্যালয়েই স্নাতকোত্তরে পড়ার সুযোগ পেয়ে নিজেকে ভাগ্যবান মনে করছি।