সিকৃবিতে বেগম রোকেয়াকে স্মরণ
বাঙালি মুসলিম নারী জাগরণের অগ্রদূত এবং বাঙালি চিন্তাবিদ, সাহিত্যিক, উপন্যাসিক, সমাজ সংস্কারক বেগম রোকেয়া স্মরণে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে পালিত হয়েছে বেগম রোকেয়া দিবস।
এ উপলক্ষে শুক্রবার (৯ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়টির প্রশাসন ভবনের সামনে থেকে একটি শোভাযাত্রা বের হয়ে সমগ্র ক্যাম্পাস প্রদক্ষিণ করে।
বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও সিলেট জেলার শ্রেষ্ঠ জয়িতা, সার্জারি ও থেরিওজেনোলোজি বিভাগের অধ্যাপক ড. নাসরিন সুলতানা লাকী উদ্যোগে আয়োজনটি সম্পন্ন হয়। শোভাযাত্রাটির নেতৃত্বে ছিলেন বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. জামাল উদ্দিন ভূঞা। শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীবৃন্দ অংশ নেয়। পরবর্তীতে ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্স অনুষদ ভবন-২ এর সম্মেলন কক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এম. মাহবুব আলমের সঞ্চালনায় ও পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা) অধ্যাপক ড. মো. মোস্তফা সামছুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. জামাল উদ্দিন ভূঞা।
বিশেষ অতিথি হিসেবে আলোচনা সভায় বক্তব্য দেন ডিন কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. মুহাম্মদ মেহেদী হাসান খান, রেজিস্ট্রার মো. বদরুল ইসলাম শোয়েব, প্রক্টর অধ্যাপক ড. মো. মনিরুল ইসলাম সোহাগ, প্রভোস্ট কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. শরীফুন্নেসা মুনমুন, যৌন নিপীড়ন প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক ড. আঞ্জুমান আরা এবং বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও সিলেট জেলার শ্রেষ্ঠ জয়িতা সার্জারি ও থেরিওজেনোলোজি বিভাগের অধ্যাপক ড. নাসরিন সুলতানা লাকী, বাংলাদেশ ছাত্রলীগ সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আশিকুর রহমান প্রমুখ।
বক্তারা বেগম রোকেয়ার আদর্শ ও কর্ম নিয়ে আলোচনা করেন এবং শিক্ষার্থীবৃন্দকে বেগম রোকেয়ার জীবন-দর্শন অনুসরণ করতে উৎসাহিত করেন। অনুষ্ঠানের শেষে ড. নাসরিন সুলতানা লাকীর প্রদেয় বেগম রোকেয়ার লেখা গল্পসমগ্র ‘রোকেয়া রচনাবলী’ সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের কৃতি ছাত্রীবৃন্দ ও বাংলাদেশ ভেটেরিনারি অলিম্পিয়াডে পুরস্কারপ্রাপ্ত ফার্স্ট রানার আপ ‘টিম ফ্রগ’ এর ছাত্রীদের মধ্যে বিতরণ করা হয়।