ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

ডিএসইর পরিচালক হলেন মিনহাজ মান্নান ইমন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:২৪, ১৯ নভেম্বর ২০২৪
ডিএসইর পরিচালক হলেন মিনহাজ মান্নান ইমন
মিনহাজ মান্নান ইমন- ফাইল ফটো

বিনা প্রতিদ্বন্দ্বিতায় দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক একচেঞ্জের (ডিএসই) শেয়ারহোল্ডার পরিচালক নির্বাচিত হয়েছেন বিএলআই সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিনহাজ মান্নান ইমন।

ডিএসইর একটি শেয়ারহোল্ডার পরিচালক পদের শূন্য আসনে তিনি ছাড়া আর কোনো প্রার্থী মনোনয়নপত্র জমা না দেওয়ায় নির্বাচন কমিশন তাকে বিজয়ী ঘোষণা করেছে।

ডিএসই থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

Advertisement

আগামী ১০ ডিসেম্বর ডিএসইর পরিচালনা পর্ষদের একটি শূন্যপদে নির্বাচন পরিচালনার জন্য ডিএসইর পরিচালনা পর্ষদ ১৬ অক্টোবর বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের অবসরপ্রাপ্ত বিচারপতি মো. আব্দুস সামাদকে চেয়ারম্যান করে ৩ (তিন) সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করে।

নির্বাচন কমিশনের অপর দুই সদস্য হলেন ডিএসই’র শেয়ারহোল্ডার প্রতিনিধি মো. রফিকুল ইসলাম এবং দেওয়ান আজিজুর রহমান।

নির্বাচন কমিশন একজন শেয়ারহোল্ডার পরিচালক নির্বাচনের জন্য ২৮ অক্টোবর ২০২৪ তারিখে নির্বাচনী তফসিল ঘোষণা করেন। নির্বাচনী তফসীল অনুসারে ১২ নভেম্বর থেকে ১৭ নভেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত ছিল মনোনয়নপত্র জমা দেয়ার তারিখ। ঐ সময়ের মধ্যে শুধুমাত্র বিএলআই সিকিউরিটিজ লিমিটেড-এর শেয়ারহোল্ডার প্রতিনিধি মিনহাজ মান্নান ইমন মনোনয়ন পত্র দাখিল করেন।

নির্বাচিত পরিচালক মিনহাজ মান্নান ইমন দীর্ঘ ৩৫ বছর যাবত পুঁজিবাজারের সঙ্গে সম্পৃক্ত এবং অভিজ্ঞতা সম্পন্ন। তিনি এই দীর্ঘ সময়ে বেশ কিছু কোম্পানির ইস্যু ম্যানেজার এবং আন্ডাররাইটারের দায়িত্ব পালন করেন। তিনি ফৌজদারহাট ক্যাডেট কলেজ থেকে এসএসসি ও এইচএসসি পাশ করেন। পরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ম্যানেজমেন্টে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এবং রহমান হক অ্যান্ড কোম্পানি থেকে ৪ বছর মেয়াদি চার্টার্ড একাউন্টেন্সি কোর্স সফলতার সঙ্গে শেষ করেন।

এদিকে বিএলআই সিকিউরিটিজ ২০০১ সালে আর্থিক প্রতিষ্ঠান হিসেবে ডিএসইর সদস্যপদ লাভ করে। মিনহাজ মান্নান ২০০৩ সালে ঢাকা স্টক এক্সচেঞ্জের আর্থিক প্রতিষ্ঠান বিএলআই সিকিউরিটিজের প্রতিনিধি হিসাবে দায়িত্ব গ্রহণ করেন। বর্তমানে তিনি ব্রোকারেজ হাউজটির ব্যবস্থাপনা পরিচালক। তিনি টুমোরোল্যান্ড এবং গ্রীনওয়ার্ক লিমিটেডের উদ্যোক্তা পরিচালক।

এছাড়াও মিনহাজ মান্নান চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের কর্পোরেট সদস্য প্রাটিনাম সিকিউরিটিজের স্বত্বাধিকারী এবং ব্যবস্থাপনা পরিচালক। তিনি ২০১২ সালের মার্চে প্রথমবারের মতো পরিচালক নির্বাচিত হয়ে ২০১৪ সালের জুন পর্যন্ত দায়িত্ব পালন করেন। পরবর্তী সময়ে তিনি ২০১৮ সালের মার্চে পুনরায় পরিচালক নির্বাচিত হন এবং ২০২০ সালের সেপ্টেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করেন। তবে আইনগত জটিলতার কারণে সাবেক পরিচালক মিনহাজ মান্নান ইমন ২০২০ সালে বাদ পড়েন।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
ট্যাগ: ডিএসই
লিংক সফলভাবে কপি হয়েছে!