ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

কর তথ্য সেবা মাস শুরু, চলবে মাসব্যাপী

অর্থনীতি প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৪১, ৩ নভেম্বর ২০২৪
কর তথ্য সেবা মাস শুরু, চলবে মাসব্যাপী
আয়কর রিটার্ন সংক্রান্ত প্রতীকী ছবি

আয়কর রিটার্ন দাখিলসহ করদাতাদের সব ধরনের সেবা দিতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) উদ্যোগে শুরু হয়েছে কর তথ্য সেবা মাস। রোববার থেকে পুরো নভেম্বর মাসজুড়ে ঢাকা ও চট্টগ্রামসহ দেশের ৪১টি কর অঞ্চলের ৮৬৯টি সার্কেলে অফিসে নিরবচ্ছিন্নভাবে এই সেবা পাওয়া যাবে।

এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেছেন, কর দাতাদের রিটার্ন দাখিলে উদ্বুদ্ধ করার মাধ্যমে কর প্রদান সহজসাধ্য করাই কর তথ্য সেবা মাসের মূল লক্ষ্য। পাশাপাশি এই সেবা নভেম্বর মাসেই সীমাবদ্ধ থাকার কথা জানিয়েছেন তিনি।

রোববার রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনে তথ্য সেবা মাস উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন এনবিআর চেয়ারম্যান।

Advertisement

এনবিআর সূত্র জানিয়েছে, অতীতে এনবিআরের উদ্যোগে কর মেলা হলেও গত কয়েক বছর ধরে এ আয়োজন হচ্ছে না। এবারও বাড়তি খরচ হ্রাসের লক্ষ্যে মেলা আয়োজন না করে মেলার আদলে কর তথ্য সেবা মাস আয়োজন করা হয়েছে।

২০১০ সাল থেকে প্রতি বছর কর মেলা আয়োজন করে আসছিল এনবিআর। তবে ২০২০, ২০২১, ২০২২ ও ২০২৩ সালে আয়কর মেলা বন্ধ রয়েছে। ২০২০ ও ২০২১ সালে করোনা মহামারির কারণে করমেলা বন্ধ রাখলেও বাড়তি খরচের বিবেচনায় এবারও আয়কর মেলা আয়োজনে না করার সিদ্ধান্ত হয়েছে।

এদিকে কর তথ্য সেবা মাস উপলক্ষে এবারও সরকারি কর্মচারীদের জন্য সচিবালয়ে রিটার্ন জমার বুথ বসানো হয়েছে। যা চালু থাকবে ১৭ নভেম্বর পর্যন্ত। শেরেবাংলা নগরে সরকারি কর্মচারীরা এই সেবা পাবেন ১৯ থেকে ২৩ নভেম্বর। এছাড়া সেনা মালঞ্চে সামরিক বাহিনীর সদস্যদের রিটার্ন জমা দেওয়ার বিশেষ ব্যবস্থা করা হচ্ছে।

কর তথ্য সেবা মাস উপলক্ষে কর অঞ্চলগুলোতে প্রতিটি অফিসে উন্মুক্ত স্থান বা কার পার্কিং এরিয়ায় রিটার্ন গ্রহণ বুথ ও হেল্প ডেস্ক স্থাপন করা হয়েছে। সেখানে রিটার্ন দাখিলকারী কর দাতাদের তাৎক্ষণিক প্রাপ্তি স্বীকারপত্রের সঙ্গে রিটার্ন দাখিলের জন্য উৎসাহ প্রদানে উপহার দেওয়া হবে। পাশাপাশি অনলাইনে কীভাবে রিটার্ন দাখিল করা যায় তা হাতে কলমে দেখিয়ে দেওয়ার ব্যবস্থা থাকবে।

অনলাইনে রিটার্ন দাখিল করলে কর সার্টিফিকেট নেয়ার জন্য অফিসে যেতে হবে না। সব কর কমিশনার সেবা কেন্দ্রে ই-টিআইএন রেজিস্ট্রেশন ও রি-রেজিস্ট্রেশনের ব্যবস্থা থাকবে বলেও জানিয়েছে এনবিআর।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!