ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

ঈদের পরে চাঙ্গা দেশের পুঁজিবাজার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৩২, ২৫ এপ্রিল ২০২৩
ঈদের পরে চাঙ্গা দেশের পুঁজিবাজার
ফাইল ফটো

ঈদ পরবর্তী দ্বিতীয় কর্মদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ১১ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ২৪ পয়েন্ট।

প্রকৌশল খাতের কোম্পানির শেয়ারের দাম বৃদ্ধিকে কেন্দ্র করে পুঁজিবাজারে এ উত্থান হয়েছে। মঙ্গলবার সূচকের পাশাপাশি লেনদেন ও বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। 

Advertisement

এর ফলে ঈদের পরবর্তী দুই কর্মদিবসই পুঁজিবাজারে সূচকের উত্থান হলো। ঈদের আগেও পাঁচ কর্মদিবস সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন হয়। সব মিলে সর্বশেষ সাত কর্মদিবসই পুঁজিবাজারে উত্থান হলো। 

মঙ্গলবার প্রকৌশল খাতের শেয়ারের পাশাপাশি হাইডেলবার্গ সিমেন্ট, মিডল্যান্ড ব্যাংক, ইস্টার্ন হাউজিং এবং সামিট এলায়েন্স পোর্টের শেয়ার সূচক বৃদ্ধির ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছে।

ডিএসই সূত্রে জানা গেছে, এদিন ডিএসইতে মোট ১০ কোটি ৫২ লাখ ৩৭ হাজার ৯২২টি শেয়ার ও ইউনিট বেচাকেনা হয়েছে। এতে লেনদেন হয়েছে ৭১৩ কোটি ১৫ লাখ ৬১ হাজার টাকা। এর আগের কর্মদিবস লেনদেন হয়েছিল ৫৫২ কোটি ৫২ লাখ ১৪ হাজার টাকা। অর্থাৎ আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে।

এদিন প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১১ দশমিক ৩৫ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৬৩ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ৩ দশমিক ৫৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩৫৮ পয়েন্টে। ডিএসই ৩০ সূচক দশমিক ১১ পয়েন্ট কমে ২ হাজার ২১২ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে মোট ৩৪২টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৮৩টি কোম্পানির, কমেছে ৫৩টির আর অপরিবর্তিত রয়েছে ২০৬টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দাম।

অন্যদিকে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৪ দশমিক ৬৩ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৪৪১ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে ১৬৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৫৬টির, কমেছে ২৮টির ও অপরিবর্তিত রয়েছে ৮৪টির।

সিএসইতে দিন শেষে ১১ কোটি ৩ লাখ ৩১ হাজার ৮১৮ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের দিন ৩ কোটি ৯৭ লাখ ৬ হাজার ১৯৫ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছিল।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: অর্থনীতি
লিংক সফলভাবে কপি হয়েছে!