ঢাকা,  শুক্রবার   ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ অর্থনীতি ]

সবজির বাজার চড়া, চাহিদা কমেছে ডিমের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:০০, ১৯ আগস্ট ২০২২
সবজির বাজার চড়া, চাহিদা কমেছে ডিমের
ফাইল ছবি

রাজধানীর শাকসবজির বাজার কয়েকদিন ধরেই চড়া। ৪০-৬০ টাকা কেজির সবজি খুবই কম, অধিকাংশ সবজির দাম ৬০-৯০। এছাড়া দাম বেড়েছে শসার। ২০-৩০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজি দরে। অন্যদিকে দাম এখনো বেশি থাকায় চাহিদা কমেছে ডিমের। ১৪৫-১৫০ টাকা ডজন হিসেবে আগের তুলনায় অর্ধেক ডিম কিনছেন ক্রেতারা।

শুক্রবার রাজধানীর বিভিন্ন এলাকার পাইকারী ও খুচরা বাজার ঘুরে এ দৃশ্য দেখা গেছে।

সসরেজমিন দেখা গেছে, কাঁচাবাজারে সর্বোচ্চ দামি সবজি শিম। বিক্রি হচ্ছে ২০০ টাকা কেজি। আর সবচেয়ে কম দামে ২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে পেঁপে। ১০০ টাকার বেশি দামের সবজির তালিকায় রয়েছে টমেটো ও গাজর। সবজি দুটি বিক্রি হচ্ছে যথাক্রমে ১৩০ টাকা ও ১৬০ টাকা দরে। কাঁচামরিচ ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

দোকানভেদে ব্যবসায়ীরা সবজি বিক্রি করছেন গুণ ও মান অনুযায়ী বিভিন্ন দামে। দেশি সবজির দাম তুলনামূলক বেশি। বরবটি ৭০ টাকা, কাঁকরোল ৪০ টাকা, ঢেঁড়স ৪০ টাকা, বেগুন ৬০ থেকে ৭০ টাকা, শসা হাইব্রিড ৮০ টাকা আর দেশি ৯০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

ওলকচু বড় ৫০ টাকা, ছোট ৩০ টাকা, জালি কুমড়া প্রতিটি ৪০ টাকা, কাঁচা কলা হালি ২৫ টাকা ও মিষ্টি কুমড়া ৩০ টাকায় বিক্রি হচ্ছে। ধুন্দল ৪০ টাকা, গাজর ১৬০ টাকা, কচুর মুখী ৪০ টাকা, করলা ৬০ টাকা, পটল ৪০ টাকা, আলু ৩০ টাকা, টমেটো ১৩০ থেকে ১৪০ টাকা, পেঁয়াজ ৪৫ টাকা, রসুন ৮০ থেকে ১২০ টাকা, আদা ১০০ থেকে ১২০ টাকা, কচুর লতি ৫০ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে।

অন্যদিকে ডিমের হালিতে পাঁচ টাকা কমলেও ক্রেতারা বলছেন পর্যাপ্ত নয়। তারা বলছেন, ডিমের দাম এখনো আকাশচুম্বী। ডিমের হালি এখনো তাদের সাধ্যের বাইরে।

সর্বশেষ খুচরা বাজারের তথ্য অনুযায়ী, প্রতি হালি লাল ডিম ৪৮-৫০ টাকা, ডজন ১৪৫-১৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। অন্যদিকে হাঁসের ডিমের ডজন ২১৫ থেকে ২২৫ টাকা। দেশি মুরগির ডিমের ডজন বিক্রি হচ্ছে ২৩৫ থেকে ২৪৫ টাকায়।

পাইকারী ও খুচরা ব্যবসায়ীরা বলছেন, দাম বাড়ার কারনে ডিম বিক্রি নেমেছে অর্ধেকে। আগে যারা ডজন হিসেবে ডিম কিনতেন, এখন তারা কেনেন এক হালি, হাফ ডজন হিসেবে।

ক্রেতারা বলছেন, বাজারে তো সব জিনিসের দামই বেশি। সব কিছু ম্যানেজ করে চলতে গিয়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের তালিকা দিনদিন ছোট হয়ে আসছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!