ডিমের মূল্য তালিকা-ক্রয়ের রশিদ না থাকায় জরিমানা
নোয়াখালীতে ছয় দোকানদারকে ৪১ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
বুধবার (১৭ আগস্ট) দুপুরে জেলা শহরের পৌর বাজার ও সোনাপুরে অভিযান চালিয়ে ডিমের মূল্য তালিকা ও ডিম ক্রয়ের রশিদ না থাকায় ৪ দোকানদারকে জরিমানা করা হয়।
এছাড়া অনুমোদনহীন ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির উদ্দেশ্যে দোকানে রাখার দায়ে ২টি ফার্মেসিকেও জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের নোয়াখালী কার্যালয়ের সহকারী পরিচালক মো. কাওছার মিয়া জানান, মাইজদী পৌর বাজারে ডিমের পাইকারি দোকানে অভিযান চালিয়ে ডিমের মূল্য তালিকা না রাখায় এবং ডিম ক্রয়ের রশিদ সংরক্ষণ না করায় জনি ডিম স্টোর ও বিসমিল্লাহ স্টোরকে যথাক্রমে ২ হাজার এবং নোয়াখালী ডিম হাউজ ও করিম ডিম স্টোরকে যথাক্রমে ১ হাজার টাকা করে জরিমানা করা হয়।
সোনাপুর এলাকায় অভিযান চালিয়ে অনুমোদনহীন ওষুধ রাখার দায়ে যমুনা ফার্মেমিকে ৫ হাজার এবং মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ওষুধ রাখার দায়ে নিউ যমুনা ফার্মেমিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে সহযোগিতা করে সুধারাম মডেল থানা পুলিশ।