ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ অর্থনীতি ]

প্রণোদনা প্যাকেজের অর্থ দ্রুত ছাড় চান ব্যবসায়ীরা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৫৪, ৬ মে ২০২০
প্রণোদনা প্যাকেজের অর্থ দ্রুত ছাড় চান ব্যবসায়ীরা
এফবিসিসিআই আয়োজিত আলোচনা সভার সঞ্চালনা করেন সংগঠনটির সভাপতি শেখ ফজলে ফাহিম

সরকার ঘোষিত প্রণোদনা প্যাকেজের অর্থ দ্রুততম সময়ের মধ্যে স্টেকহোল্ডার ও গ্রাহকদের হাতে পৌঁছে দেয়ার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। একইসঙ্গে এই প্রণোদনার অর্থ যথাযথ বাস্তবায়নের ওপর জোর দিয়েছেন তারা।

বুধবার এফবিসিসিআই আয়োজিত এক আলোচনা সভায় এসব দাবি জানানো হয়। এফবিসিসিআই এর সভাপতি শেখ ফজলে ফাহিমের সঞ্চালনায় এতে অনলাইনে যুক্ত হন ব্যবসায়ী নেতা ও সরকারি-বেসরকারি বিভিন্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকরা।

এফবিসিসিআই সভাপতি বলেন, কোভিড-১৯ পরিস্থিতিতে বাংলাদেশের অর্থনীতির উপর সম্ভাব্য প্রভাব মোকাবিলায় সরকার ঘোষিত প্রণোদনা প্যাকেজ টার্গেটেড ও ফোকাসড। এক্ষেত্রে এসএমই শিল্পে ২০ হাজার কোটি টাকা, বৃহৎ শিল্পে ৩০ হাজার কোটি টাকা, রফতানি শিল্পে ৫ হাজার কোটি টাকা ও কৃষি খাতে ৫ হাজার কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। টেকসই সামাজিক নিরাপত্তার লক্ষ্যে এই প্রণোদনা কি ধরনের প্রভাব ফেলবে তা এর বাস্তবায়নের কাঠামোর ওপরই নির্ভর করবে। ফলে এটি সঠিকভাবে বাস্তবায়নের ওপর জোর দেয়া জরুরি।  

তিনি আরো বলেন, সব স্টেকহোল্ডার ও গ্রাহকরা যাতে ন্যূনতম সময়সীমার মধ্যে এ তহবিল পেতে পারে সেজন্য কার্যকর পদক্ষেপ নিতে হবে। এক্ষেত্রে লোনের জন্য আবেদন, প্রসেসিং, অনুমোদন ও বিতরণ প্রক্রিয়া দ্রুত সময়ের মধ্যে করা বাঞ্ছনীয়।

আলোচনায় অংশ নিয়ে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশের (এবিবি) এর সভাপতি আলী রেজা ইফতেখার বলেন, ব্যাংকগুলোতে কোনো তারল্য সঙ্কট নেই। কেন্দ্রীয় ব্যাংকের পদক্ষেপের ফলে এটা খুব দ্রুতই সম্পাদন করা সম্ভব হচ্ছে। তবে প্রণোদনার অর্থ হলেও এগুলো জনগণের টাকা। এক্ষেত্রে লোন রিকভারি করার দায়িত্ব ব্যাংকগুলোর ওপরই বর্তাবে। তাই ক্ষুদ্র উদ্যোক্তাদের ঋণ দেয়ার ক্ষেত্রে একটি ইন্সুরেন্সের আন্ডারে বাস্তবায়নের প্রস্তাব দেন তিনি।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!