ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ অর্থনীতি ]

মাসে একবারই বিশেষ প্রণোদনা পাবেন ব্যাংকাররা

নিউজ ডেস্ক
প্রকাশিত: ২০:২৩, ৫ মে ২০২০
মাসে একবারই বিশেষ প্রণোদনা পাবেন ব্যাংকাররা
সংগৃহীত

করোনা মহামারি বিস্তার রোধে সরকার ঘোষিত সাধারণ ছুটি চলাকালে ব্যাংক কর্মকর্তা-কর্মচারীরা কর্মস্থলে উপস্থিত থেকে ১০ দিন অফিস করলেই ভাতা হিসেবে বাড়তি এক মাসের বেতন দেওয়ার বিশেষ প্রণোদনা ঘোষণা করেছে কেন্দ্রীয় ব্যাংক। এর বেশি ব্যাংকে উপস্থিত থাকলেও অতিরিক্ত বেতন পাবেন না।

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ব্যাংকে কর্মরত কর্মকর্তা-কর্মচারী যারা সরকার ঘোষিত সাধারণ ছুটিকালীন ব্যাংকে গিয়ে ব্যাংকিং কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে দায়িত্ব পালন করেছেন বা করছেন তারা বিশেষ প্রণোদনা ভাতা প্রাপ্য হবেন। সাধারণ ছুটিকালীন কর্মকর্তা-কর্মচারীরা কমপক্ষে ১০ কার্যদিবস ব্যাংকে গিয়ে কর্মরত থাকলে তা পূর্ণমাস হিসেবে গণ্য হবে। তবে ১০ কার্যদিবসের কম ব্যাংকে উপস্থিত হয়ে কর্মরত থাকলে সেক্ষেত্রে আনুপাতিক হারে ভাতা প্রাপ্য হবেন। ব্যাংকের স্থায়ী, অস্থায়ী ও চুক্তিভিত্তিক সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা এ সুবিধায় অন্তর্ভুক্ত হবেন।

প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে, ১০ দিনের বেশি উপস্থিত থাকলেও অতিরিক্ত ভাতা পাওয়ার কোনো সুযোগ নেই। অতিরিক্ত দিনগুলোতে ব্যাংকের নিজস্ব নীতিমালা অনুযায়ী যাতায়াত ব্যয় পরিশোধ করবে ব্যাংকগুলো।

জানা গেছে, প্রণোদনা ঘোষণার পর সব ব্যাংকের শাখাগুলোয় কর্মীদের কাজে যোগদানের আগ্রহ ব্যাপকহারে বাড়েছে। বিশেষ করে শাখার ঊধ্বতন কর্মকর্তারা প্রায় সবাই অফিস করা শুরু করেছেন। শাখা পর্যায়ে হাতে লেখা হাজিরা খাতায় অনেকে একদিন এসেই বাকি দিনের স্বাক্ষর করে রেখেছেন। এখন ব্যাংকে উপস্থিতি দেখিয়ে প্রণোদনার অর্থ চেয়ে প্রধান কার্যালয়ে পাঠাচ্ছে শাখাগুলো। বিষয়টি কেন্দ্রীয় ব্যাংকের নজরে আসায় তা স্পষ্ট করতে এ সার্কুলার জারি করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

ডেইলি-বাংলাদেশ/এস
লিংক সফলভাবে কপি হয়েছে!