দুই সিটি নির্বাচনে ৬২ কোটি টাকার বাজেট
ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচনে তিন খাতে প্রায় ৬২ কোটি টাকার বাজেট ধরা হয়েছে। তবে বাজেটে আরো ছয় কোটি টাকা বাড়তে পারে বলে জানা গেছে।
নির্বাচন কমিশনের বাজেট শাখার সংশ্লিষ্ট সূত্র জানায়, দুই সিটি কর্পোরেশন নির্বাচনে তিন খাতে ব্যয় ধরা হয়েছে ৬২ কোটি টাকা। এরমধ্যে নির্বাচন পরিচালনা ব্যয় ১৮ কোটি ৫৭ লাখ টাকা, প্রশিক্ষণ বাবদ ২৩ কোটি ও নির্বাচনী দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা বাহিনীর জন্য ২০ কোটি টাকা।
আইনশৃঙ্খলা বাহিনীর জন্য ২০ কোটি টাকা বরাদ্দ থাকলেও এখন পর্যন্ত জানা যায়নি কোন বাহিনীর খাতে কত টাকা বরাদ্দ হবে। কোন কেন্দ্রে কতজন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য থাকবেন, মোবাইল স্ট্রাইকিং ফোর্স কতজন থাকবেন- এসব বিষয়ের উপর ভিত্তি করে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যয় নির্ধারণ হবে। তবে এখন পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী চাহিদা দেয়নি।
.png)
আগামী ২২ জানুয়ারি ইসির সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর বৈঠকে তারা চাহিদা উপস্থাপন করবেন। সে অনুযায়ী পরবর্তীতে তাদের বরাদ্দের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
সূত্র আরো জানায়, ইভিএম মেশিনের জন্য কোনো টাকা দিতে হচ্ছে না। ইভিএম প্রকল্প থেকে সেটা করা হবে। তবে বাজেট থেকে কেন্দ্রে ইভিএম এর টেকনিক্যাল কাজে যারা নিয়োজিত থাকবেন তাদের জন্য নির্বাচন পরিচালনা খাত থেকে বরাদ্দ থাকবে।
এ বিষয়ে বাজেট শাখার ইসি উপ সচিব এনামুল হক বলেন, এখনো ফাইনাল কিছু হয়নি। তবে দুই সিটি নির্বাচনের জন্য সম্ভাব্য একটা বাজেট ধরা হয়েছে। ফাইনাল হলে জানাবো।
উল্লেখ্য, আগামী ৩০ জানুয়ারি ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।