দেবরের ঘরে টিভি দেখতে যাওয়ায় ভাবিকে পিটিয়ে হত্যা
দেবরের ঘরে টিভি দেখতে যাওয়ায় এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করা হয়েছে। সোমবার রাতে ময়মনসিংহের তারাকান্দায়র বিসকা ইউপির নগুয়ায় এলাকায় এ ঘটনা ঘটে। মঙ্গলবার বেলা ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই গৃহবধূর মৃত্যু হয়।
নিহত হালিমা খাতুন উপজেলার বিসকা ইউনিয়নের নগুয়া গ্রামের আবু হানিফার স্ত্রী। এ ঘটনায় হালিমা খাতুনের দুই ছেলে আহত হয়েছেন। তাদের চিকিৎসা দেয়া হয়েছে।
আরো পড়ুন: মোবাইলে ভিডিও দেখানোর কথা বলে ভাতিজিকে ধর্ষণচেষ্টা
তারাকান্দা থানার ওসি আবুর খায়ের জানান, সোমবার রাতে দেবর তোতা মিয়ার ঘরে টিভি দেখতে যান হালিমা ও তার দুই ছেলে। হালিমার পরিবারের লোকজন কেন দেবর তোতা মিয়ার ঘরে টিভি দেখতে আসে এ নিয়ে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির একপর্যায়ে দুই পরিবারের সংঘর্ষে জড়ায়। এ সময় দেবর তোতা মিয়ার রডের আঘাতে হালিমা খাতুন গুরুতর আহত হন। একই সঙ্গে আহত হন হালিমা খাতুনের দুই ছেলে।
আরো পড়ুন: ৩০ টাকার লটারি দিয়েই কোটিপতি প্রতিবন্ধী
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। হালিমার অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসক রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। চিকিৎসাধীন অবস্থায় সকালে হালিমার মৃত্যু হয়।
ওসি আরো বলেন, ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলছে।