ঢাকা,  বৃহস্পতিবার   ১৯ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

কালিয়ায় বিএনপির মিছিলে আ.লীগের হামলা, নিহত ২

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
প্রকাশিত: ১০:১৭, ১৯ নভেম্বর ২০২৬
কালিয়ায় বিএনপির মিছিলে  আ.লীগের হামলা,  নিহত ২
নিহত শাহিনুর শেখ ও সোহেল মোল্যা

নড়াইলের কালিয়ায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে  বিএনপির মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত হয়েছেন। এছাড়া বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বেন্দার-চর বটতলা মোড় এলাকায় এ হামলার ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- কালিয়া উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক শাহিন (৪০)ও জাতীয়তাবাদী কৃষক দলের (জাসাস) উপজেলা সাধারণ সম্পাদক সোহেল মোল্লা (৪৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কালিয়া উপজেলা শহরে একটি মিছিল বের করে বিএনপি ও তার সহযোগি সংগঠনের নেতাকর্মীরা। এ সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা ওই মিছিলে হামলা চালায়। হামলায় কৃষকদল নেতা শাহিন ও জাসাস নেতা সোহেল মোল্লা গুরুতর আহত হন। 

পরে স্থানীয় লোকজন আহত দুজনকে উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাদের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। 

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী বলেন, ‘এ ঘটনায় কারা জড়িত, তা তদন্ত করা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের কর্মীরা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারেন।’
এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে বলেও জানান ওসি ইদ্রিস আলী।

ডেইলি-বাংলাদেশ/লোহাগড়া/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!