ট্রাকের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল চালক
পাবনার চাটমোহরে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে. জাহাঙ্গীর হোসেন জাকির নামের এক কৃষি কর্মকর্তা নিহত হয়েছেন। বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত জাহাঙ্গীর হোসেন জাকির চাটমোহর উপজেলা কৃষি কার্যালয়ে উপসহকারী কৃষি কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। দুর্ঘটনার সময় তিনি কর্মস্থল চাটমোহর থেকে নিজের বাড়ি সিরাজগঞ্জের তাড়াশে যাচ্ছিলেন। পথে ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়।
কর্মজীবনের মাত্র তিন বছর পার করেছিলেন জাহাঙ্গীর হোসেন জাকির। তার স্ত্রী ও এক কন্যাসন্তান রয়েছে। তার অকালমৃত্যুতে পরিবার ও সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পাবনা জেলার কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে শোকের আবহ সৃষ্টি হয়। সহকর্মীরা তার রুহের মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চাটমোহর উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা ও ডিপ্লোমা কৃষিবিদ অ্যাসোসিয়েশনের পাবনা জেলা সম্পাদক সাইদুর রহমান সাইদ।