ঢাকা,  বুধবার   ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

রাজাপুর-কাঁঠালিয়ায় ষড়যন্ত্র করলে কঠোরভাবে দমন করা হবে

এমপি রফিকুল ইসলাম জামাল
আতিকুর রহমান, ঝালকাঠি ॥
প্রকাশিত: ২০:১২, ২৮ অক্টোবর ২০২৬
রাজাপুর-কাঁঠালিয়ায় ষড়যন্ত্র করলে কঠোরভাবে দমন করা হবে
রাজাপুরে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের সংসদ সদস্য, বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক ও ধর্মমন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. রফিকুল ইসলাম জামাল।

আগামী স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো ধরনের ষড়যন্ত্র করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের সংসদ সদস্য, বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক ও ধর্মমন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. রফিকুল ইসলাম জামাল।

তিনি বলেছেন, কেউ ষড়যন্ত্রের চেষ্টা করলে কঠোরভাবে দমন করা হবে। বিগত দিনে যারা দলের সঙ্গে বেইমানি করেছেন, তাঁদের রাজাপুরে সংগঠন করার সুযোগ দেওয়া হবে না। একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগ বাণিজ্য বন্ধ এবং চাকরিপ্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক করার দাবি জানিয়েছেন তিনি।


বুধবার (২৮ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে ঝালকাঠির রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


এমপি রফিকুল ইসলাম জামাল বলেন, ‘বিগত দিনে যারা দলের সঙ্গে বেইমানি করেছেন, তাঁদের রাজাপুরে সংগঠন করার কোনো সুযোগ দেওয়া হবে না। আগামী স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র করতে দেওয়া হবে না। কেউ ষড়যন্ত্র করতে চাইলে কঠোরভাবে দমন করা হবে।’


তিনি আরও বলেন, ‘বাংলাদেশের ১৮কোটি মানুষের স্বপ্ন বাস্তবায়ন করতে হলে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে। দেশের উন্নয়ন ও মানুষের প্রত্যাশা পূরণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’


শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের বিষয়ে সংসদ সদস্য বলেন, ‘স্কুল-কলেজে যাদের চাকরি হবে, তাদের নিয়োগে কোনো ধরনের বাণিজ্য হতে দেওয়া হবে না। চাকরি প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক করতে হবে। এমনকি যুবদলসহ বিভিন্ন পর্যায়ের নেতাদেরও প্রয়োজনে ডোপ টেস্টের আওতায় আনতে হবে। আমরা মাদক চাই না, আমরা একটি সুন্দর সমাজ বিনির্মাণ করতে চাই। মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’


বক্তব্যের একপর্যায়ে নেতাকর্মীদের নিয়ে শপথ বাক্য পাঠ করেন সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল। এ সময় তাঁরা বলেন, ‘করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ।’


যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিশেষভাবে স্মরণ করেন সংসদ সদস্য। এ ছাড়া রাজাপুর উপজেলা বিএনপির প্রয়াত সাবেক সাধারণ সম্পাদক নাসিম উদ্দিন আকনের রূহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতের আয়োজন করা হবে বলে জানানো হয়।


সভায় প্রধান বক্তা ছিলেন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি এইচ এম তসলিম উদ্দিন। বিশেষ বক্তা ছিলেন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট তানভীর হাসান সোহেল ও সহসাংগঠনিক সম্পাদক মো. আরিফুর রহমান সোহেল।


বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠি জেলা যুবদলের আহ্বায়ক মো. শামীম তালুকদার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. রবিউল ইসলাম তুহিন, সদস্যসচিব মো. আনিচুর রহমান খাঁন, যুগ্ম আহ্বায়ক মো. জহিরুল হক সোহেল, রাজাপুর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তালুকদার আবুল কালাম আজাদ ও সিনিয়র সহসভাপতি আব্দুল হক নান্টু।


রাজাপুর উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মাসুম বিল্লাহ পারভেজের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সদস্য সচিব সৈয়দ নাজমুল হক।
 

ডেইলি-বাংলাদেশ/ঝালকাঠি
লিংক সফলভাবে কপি হয়েছে!