ঢাকা,  বুধবার   ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]
ধর্ষণ মামলার রায় ১১ নভেম্বর

নিজের সব সম্পদের বিনিময়ে মুক্তি চান ধর্ষণ মামলায় আটক শিক্ষক সাগর

নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৪০, ২৮ অক্টোবর ২০২৬
নিজের সব সম্পদের বিনিময়ে মুক্তি চান ধর্ষণ মামলায় আটক শিক্ষক সাগর
ছবি: ডেইলি বাংলাদেশ

নেত্রকোনার মদনে ১২ বছরের মাদ্রাসাছাত্রীকে একাধিকবার ধর্ষণ ও গর্ভবতী করার আলোচিত ধর্ষণ মামলার যুক্তিতর্ক শেষ হয়েছে। আগামী ১১ নভেম্বরে এই মামলার রায় ঘোষণার দিন ধার্য করেছে আদালত।

বুধবার (২৮ অক্টোবর) নেত্রকোনা জেলা ও দায়রা জজ এবং শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আব্দুছ সালামের আদালতে এই মামলার যুক্তিতর্ক সম্পন্ন হয়। পরে এই মামলার রায় ঘোষণার দিন ধার্য করেছে আদালত।

যুক্তিতর্ক চলাকালীন বিচারিক কার্যক্রমে চাঞ্চল্যকর মোড় নেয়। বিচারকের প্রশ্নের জবাবে আসামি শিক্ষক আমান উল্লাহ মাহমুদী ওরফে সাগর তার মাত্র ১২ শতাংশ জমি রয়েছে বলে জানান। এ সময় বিবাদী পক্ষের আইনজীবী আনিসুর রহমান আপস করার বিষয়ে কথা বলতে চাইলে বিচারক তা কঠোরভাবে নাকচ করে দিয়ে জানান, তারা কখনো আপসের বিষয়ে কথা বলেননি।

শুনানিকালে বিচারক ঘটনাস্থলের আশপাশে সিসি ক্যামেরা ছিল কি না তা জানতে চান। বাদীপক্ষের আইনজীবী পাবলিক প্রসিডিউটর (পিপি) মো. নূরুল কবীর রুবেল আদালতকে জানান, শিশুটিকে একাধিকবার ধর্ষণ করা হয়েছিল।

এই দিকে আসামি শিক্ষক আমান উল্লাহ মাহমুদী ওরফে সাগর তার ১২ শতাংশ জমি সহ জীবনের সব সম্পদের বিনিময়ে এই গুরুতর অপরাধের মামলা থেকে অব্যাহতির আকুতি জানান।

এর আগে সিআইডির ডিএনএ প্রোফাইলিংয়ের চূড়ান্ত প্রতিবেদনে ভুক্তভোগী শিশুর জন্ম দেওয়া নবজাতকের সঙ্গে অভিযুক্ত শিক্ষক সাগরের ডিএনএ ৯৯.৯৯% হুবহু মিলে যাওয়ায় তার পিতৃত্ব শতভাগ নিশ্চিত হয়। সিআইডির এই নিখুঁত বৈজ্ঞানিক প্রমাণ এবং পুলিশ কর্তৃক আদালতে দাখিল করা চূড়ান্ত চার্জশিটের ভিত্তিতে রাষ্ট্রপক্ষ মামলাটিতে সর্বোচ্চ শাস্তির জোরালো দাবি জানিয়েছে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. নূরুল কবীর রুবেল বলেন, রায়ের পূর্বে গুরুত্বপূর্ণ প্রক্রিয়াটি আজকে সম্পন্ন হয়েছে। ১১ নভেম্বর মামলার রায়ের দিন ধার্য করা হয়েছে। আমি রাষ্ট্রপক্ষের হয়ে যুক্তি-তর্ক উপস্থাপন করেছি। আমরা মন করি এই মামলাটি সম্পূর্ণরূপে রাষ্ট্রপক্ষ প্রমাণ করতে সমর্থ হয়েছি।

তিনি আরও বলেন, এ বিষয়ে সব কাগজপত্র আদালতে উপস্থাপন করা হয়েছে। আশা করছি, এই মামলায় রাষ্ট্রপক্ষ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে। এই মামলায় সর্বোচ্চ সাজা এই আসামি পাবে আমরা এই আশা করছি।

ডেইলি-বাংলাদেশ/নেত্রকোনা
ট্যাগ: ধর্ষণ
লিংক সফলভাবে কপি হয়েছে!