সিরাজগঞ্জে অগ্নিকাণ্ডে গুটু শেখ আজ দিশেহারা
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার পাঁচগাছি চরপাড়া গ্রামে গোয়ালঘরে আগুন লেগে পুড়ে মারা গেছে অসহায় বৃদ্ধ গুটু শেখের দুটি গরু। এতে প্রায় সাড়ে ৩ লক্ষ থেকে ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। জীবনের শেষ বয়সে এসে শেষ সম্বল হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তিনি ও তাঁর পরিবার।
মঙ্গলবার (২৭ অক্টোবর) গভীর রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গোয়ালঘরে জ্বালানো মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে আগুন লাগার সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। জমিজমাহীন গুটু শেখের জীবনের অবলম্বন ছিল ওই দুটি গরু। বৃদ্ধ বয়সেও গরু দুটির যত্ন নেওয়া ও লালন-পালন করেই দিন কাটত তাঁর। অভাবের সংসারে গরু দুটি ছিল তাঁর বেঁচে থাকার স্বপ্ন, পরিবারের ভরসা এবং ভবিষ্যতের একমাত্র আশ্রয়। কিন্তু মুহূর্তের আগুন কেড়ে নিয়েছে তাঁর সেই স্বপ্ন।
চোখের সামনে জীবনের অবলম্বন হারিয়ে এখন দিশেহারা বৃদ্ধ গুটু শেখ। কিভাবে এই অপূরণীয় ক্ষতি কাটিয়ে উঠবেন, কিভাবে আবার ঘুরে দাঁড়াবেন—সেই চিন্তায় দিশেহারা তিনি ও তাঁর পরিবার। অসহায় এই পরিবারের পক্ষে নিজের সামর্থ্যে এমন বড় ক্ষতি কাটিয়ে ওঠা অত্যন্ত কঠিন।
অসহায় বৃদ্ধের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে এলাকার সচেতন মহল জানান, গুটু শেখের এই দুর্দিনে প্রশাসন সহ সমাজের বিত্তবান, দানশীল ও মানবিক মানুষের এগিয়ে আসা জরুরি। আপনাদের সামান্য সহযোগিতাও হতে পারে তাঁর পরিবারের নতুন করে বাঁচার স্বপ্ন। কেউ আর্থিক সহায়তা দিয়ে, কেউ গরু কিনে দেওয়ার উদ্যোগ নিয়ে কিংবা অন্য কোনোভাবে পাশে দাঁড়ালে অসহায় পরিবারটি আবার ঘুরে দাঁড়ানোর সুযোগ পেতে পারে।