কালিয়াকৈরে পূজামণ্ডপের নিরাপত্তা পর্যবেক্ষণে আনসার মহাপরিচালক
শারদীয় দুর্গাপূজা ঘিরে সারা দেশের পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে ২ লাখ ১২ হাজার আনসার সদস্য নিয়োজিত রয়েছেন। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে ১০৪টি স্ট্রাইকিং ফোর্স।
শনিবার বিকেলে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মাটিকাটা এলাকায় শ্রী শ্রী কালীমন্দির ও দুর্গামন্দির পরিদর্শন শেষে এ তথ্য জানান বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
পরিদর্শনকালে আনসার মহাপরিচালক পূজামণ্ডপের নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।
শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদ্যাপন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। পূজামণ্ডপের নিরাপত্তা বজায় রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট বাহিনীগুলোর তৎপরতা অব্যাহত রয়েছে।