ঢাকা,  বৃহস্পতিবার   ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

ভৈরবে ডেঙ্গু সচেতনতায় ছাত্র-যুবক পরিষদ

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৪৮, ১৫ অক্টোবর ২০২৬
ভৈরবে ডেঙ্গু সচেতনতায় ছাত্র-যুবক পরিষদ
ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে সচেতনতা ও খেলাধুলার সামগ্রী প্রদান। ছবি ডেইলি বাংলাদেশ

কিশোরগঞ্জের ভৈরব শহরে ডেঙ্গুর বিস্তার রোধে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে ছাত্র-যুবক পরিষদ। এ সময় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে সচেতনতা তৈরির পাশাপাশি শিশুদের মানসিক বিকাশে খেলাধুলার সামগ্রী প্রদান করা হয়।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) শহরের মহেশপুর এলাকায় মহেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের নিয়ে ডেঙ্গুর সংক্রমণ, এডিস মশার প্রজননস্থল এবং ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি সচেতনতামূলক হ্যান্ডবিল বিতরণ করা হয়।

আলোচনায় বিদ্যালয়ের আশপাশ, বাড়ির আঙিনা, পুরোনো টায়ার, ফুলের টবসহ যেসব স্থানে পানি জমে এডিস মশা বংশবিস্তার করতে পারে, সেসব স্থান নিয়মিত পরিষ্কার রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়। কোথাও পানি জমতে না দেওয়া এবং আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার জন্য শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়।

এদিকে, শিশুদের মানসিক বিকাশ ও খেলাধুলায় উৎসাহিত করতে বিদ্যালয়ে ক্রিকেট ব্যাট, বল ও একটি আকর্ষণীয় স্লাইডার প্রদান করে ছাত্র-যুবক পরিষদ।

আয়োজকরা জানান, ভৈরব শহরে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক। গত দুই মাসে ডেঙ্গুতে চারজনের মৃত্যুর খবর অত্যন্ত দুঃখজনক। প্রতিদিনই অনেকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন। এ পরিস্থিতিতে ডেঙ্গুর বিস্তার রোধে প্রশাসন, পৌর কর্তৃপক্ষ, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন এবং সাধারণ নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করা প্রয়োজন।

তারা আরও জানান, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে পর্যায়ক্রমে বিভিন্ন বিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানে এ কর্মসূচি অব্যাহত রাখা হবে, ইনশাআল্লাহ।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন ছাত্র-যুবক পরিষদের কার্যকরী কমিটির সভাপতি মো. ইব্রাহিম মিয়া, সাংগঠনিক সম্পাদক নাফিজুল ইসলাম নাবিল, দপ্তর সম্পাদক তানভীর আহমেদ, কার্যকরী সদস্য দিগন্ত আহমেদ, সাধারণ সদস্য ইয়াছিন ও তৃশান, সম্মানিত সদস্য আপন সরদার, বিদ্যালয়ের শিক্ষকবৃন্দসহ অন্যান্যরা।

আয়োজকরা মনে করেন, সম্মিলিত সচেতনতা ও নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতার মাধ্যমে কালীপুরসহ ভৈরবের বিভিন্ন এলাকায় ডেঙ্গুর ঝুঁকি কমানো সম্ভব। এ জন্য সবাইকে নিজ নিজ বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, কর্মস্থল ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান তারা।

ডেইলি-বাংলাদেশ/ভৈরব/একেকে
লিংক সফলভাবে কপি হয়েছে!