নিখোঁজের তিন দিন পর গৃহবধূর অর্ধগলিত মরদেহ উদ্ধার
জামালপুরের বকশীগঞ্জে নিখোঁজের তিন দিন পর রোজিনা আক্তার (৩০) নামে এক গৃহবধূর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তার স্বামী ইয়াকুব আলী পলাতক রয়েছেন। জিজ্ঞাসাবাদের জন্য নিহতের শাশুড়ি ও ভাসুরসহ চারজনকে আটক করেছে পুলিশ।
নিহত রোজিনা উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের দক্ষিণ দত্তেরচর গ্রামের ওয়াজেদ আলীর মেয়ে। সোমবার ভোরে কামালপুর হাইওয়ে সড়কের পশ্চিম পাশে একটি ঝোপ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার জুমার নামাজের পর থেকে রোজিনা নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। সোমবার ভোরে সড়কের পাশের একটি ঝোপ থেকে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা সেখানে গিয়ে অর্ধগলিত মরদেহ দেখতে পান। পরে পুলিশ ও নিহতের স্বজনদের খবর দেওয়া হয়। ঘটনাস্থলে গিয়ে স্বজনরা মরদেহটি রোজিনার বলে শনাক্ত করেন।
পুলিশের প্রাথমিক ধারণা, কয়েক দিন আগে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে অন্য কোনো কারণে তার মৃত্যু হয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। ঘটনার রহস্য উদ্ঘাটনে নিহতের শাশুড়ি ও ভাসুরসহ চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পলাতক স্বামীকে গ্রেপ্তারেও চেষ্টা চালানো হচ্ছে।
এদিকে, তিন দিন নিখোঁজ থাকার পর সড়কের পাশের ঝোপ থেকে গৃহবধূর অর্ধগলিত মরদেহ উদ্ধারের ঘটনায় বাট্টাজোড় ইউনিয়ন ও আশপাশের এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
ক্যাপশন: জামালপুরের বকশীগঞ্জে নিখোঁজের তিন দিন পর সড়কের পাশের ঝোপ থেকে এক গৃহবধূর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।