দীর্ঘ অপেক্ষার পর এমসি বাজারে ফুটওভার ব্রিজের কাজ শুরু
গাজীপুরের শ্রীপুর উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এমসি বাজার এলাকায় দীর্ঘদিনের দাবির পর অবশেষে ফুটওভার ব্রিজ নির্মাণের কাজ শুরু হয়েছে।
গত ২১ সেপ্টেম্বর থেকে নির্মাণকাজ শুরু হয়েছে। সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের উদ্যোগে নির্মাণাধীন ব্রিজটি আগামী তিন মাসের মধ্যে শেষ করার লক্ষ্য রয়েছে। ব্রিজটি নির্মাণ হলে প্রতিদিন মহাসড়ক পারাপারকারী হাজারো শিক্ষার্থী, শ্রমিক, ব্যবসায়ী ও সাধারণ মানুষের চলাচল আরও নিরাপদ হবে বলে আশা করছেন স্থানীয়রা।
এমসি বাজার এলাকায় মহাসড়কের দুই পাশে রয়েছে একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা, কিন্ডারগার্টেন ও শিল্পকারখানা। বিশেষ করে হাজী ছোট কলিম স্কুল অ্যান্ড কলেজে প্রায় দুই হাজার শিক্ষার্থী পড়াশোনা করে। আশপাশে রয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়, কিন্ডারগার্টেনসহ আরও কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান। পাশাপাশি এলাকায় গড়ে উঠেছে ১০ থেকে ১৫টি শিল্পকারখানা। ফলে সকাল থেকে রাত পর্যন্ত ব্যস্ত থাকে এলাকাটি।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে শিক্ষার্থী, শ্রমিক ও সাধারণ মানুষকে জীবনের ঝুঁকি নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হতে হয়েছে। এ সময় দুর্ঘটনার ঘটনাও ঘটেছে। নিরাপদ পারাপারের জন্য দীর্ঘদিন ধরে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবি জানিয়ে আসছিলেন তারা।
সওজ সূত্রে জানা গেছে, এমসি বাজার-শিশু পল্লী সড়ক ও হাজী ছোট কলিম স্কুল অ্যান্ড কলেজ অভিমুখী সড়কের দক্ষিণ পাশে ফুটওভার ব্রিজটির স্থান নির্ধারণ করা হয়েছে। বর্তমানে এমসি বাজারের হাজী হাসেন আলী মুন্সি মার্কেটের সামনে থেকে স্কুল রোডের দক্ষিণ পাশ পর্যন্ত নির্মাণকাজ এগিয়ে চলছে।
হাজী ছোট কলিম স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী শাহরিয়ার ইসলাম বলেন, ‘মহাসড়কের পূর্ব পাশ থেকে শিক্ষার্থীদের জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পার হতে হতো। অনেকেই দুর্ঘটনার শিকার হয়েছে। ফুটওভার ব্রিজটি নির্মাণ হলে নিরাপদে রাস্তা পারাপার করা সম্ভব হবে।’
একই বিদ্যালয়ের শিক্ষার্থী জাকিয়া সুলতানা জুঁই বলেন, ‘প্রতিদিন রাস্তা পার হওয়ার সময় ভয় কাজ করত। এখন ব্রিজের কাজ শুরু হয়েছে। কাজ শেষ হলে আমরা নিরাপদে রাস্তা পার হতে পারব।’
এমএম ইউনাইটেড কিন্ডারগার্টেনের অভিভাবক সুমন বলেন, ‘প্রতিদিন সন্তানকে নিয়ে রাস্তা পার হওয়ার সময় ভয় লাগে। ব্রিজটি হলে আমাদের দুশ্চিন্তা অনেকটাই কমবে।’
হাজী ছোট কলিম স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আলহাজ আবদুল হান্নান সজল বলেন, ‘এমসি বাজারে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবি দীর্ঘদিনের। এখানে প্রায় দুই হাজার শিক্ষার্থী পড়াশোনা করে। আশপাশে আরও শিক্ষাপ্রতিষ্ঠান ও শিল্পকারখানা রয়েছে। শিক্ষার্থী, শ্রমিক ও সাধারণ মানুষকে প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে মহাসড়ক পার হতে হতো। দীর্ঘদিনের দাবির পর কাজ শুরু হওয়ায় আমরা আশাবাদী।’
নির্মাণকাজের ব্যবস্থাপনার দায়িত্বে থাকা রাকিব হাওলাদার বলেন, ‘আগামী তিন মাসের মধ্যে কাজ শেষ করার লক্ষ্য রয়েছে। ব্রিজটি নির্মাণ শেষ হলে শিক্ষার্থীসহ সাধারণ মানুষ উপকৃত হবেন।’
গাজীপুর জেলা সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. তানভীর আহমেদ বলেন, ‘শিশু পল্লী রোডের দক্ষিণ পাশে এমসি বাজার এলাকায় ফুটওভার ব্রিজটির কাজ শুরু হয়েছে। আশা করছি, আগামী তিন মাসের মধ্যে কাজটি শেষ হবে।’
গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু বলেন, ‘এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল একটি ফুটওভার ব্রিজের। এখন এর নির্মাণকাজ চলছে। ব্রিজটি নির্মাণ হলে শিল্পাঞ্চল হিসেবে পরিচিত এ এলাকার শিক্ষার্থী, শ্রমিকসহ সাধারণ মানুষ উপকৃত হবেন।’
স্থানীয় বাসিন্দারা বলছেন, দীর্ঘদিনের দাবির পর ফুটওভার ব্রিজের নির্মাণকাজ শুরু হওয়ায় এমসি বাজার এলাকায় স্বস্তি ফিরেছে। দ্রুত কাজ শেষ করে ব্রিজটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হলে মহাসড়ক পারাপারে ঝুঁকি ও দুর্ঘটনা অনেকটাই কমবে বলে আশা করছেন তারা।