ঢাকা,  বুধবার   ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৫৮, ৩০ সেপ্টেম্বর ২০২৬
দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল। ছবি:ডেইলি বাংলাদেশ

সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বুধবার বিকেলে আখাউড়া রেলওয়ে স্টেশন চত্বর থেকে মিছিলটি বের হয়। পরে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আদর আলী মার্কেটের সামনে গিয়ে শেষ হয়।

মিছিলে উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন এবং দেশকে অস্থিতিশীল করার যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে নিজেদের অবস্থান তুলে ধরেন।

Advertisement

মিছিল শেষে আদর আলী মার্কেটের সামনে পথসভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মো. বাহার মিয়ার সভাপতিত্বে এতে বক্তব্য দেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর মিশন ও সাবেক সহসভাপতি নাছির উদ্দিন হাজারী।

এ সময় উপজেলা বিএনপির সহসভাপতি আবুল ফারুক বকুল, বিএনপি নেতা মো. শাহাদাত হোসেন লিটন, মো. ইয়ার হোসেন শামীম, সাবেক কাউন্সিলর মো. মন্তাজ মিয়া এবং উপজেলা যুবদলের আহ্বায়ক জাকির হোসেনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পথসভায় বক্তারা বলেন, সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করার যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে হবে। দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার পাশাপাশি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে প্রতিবাদ অব্যাহত রাখার আহ্বান জানান তারা।

ডেইলি-বাংলাদেশ/আখাউড়া/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!