ছিনতাইকারীদের হামলায় যুবক আহত, মোবাইল-টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ
রাজবাড়ীর গোয়ালন্দে ছিনতাইকারীদের হামলায় রাকিব মন্ডল (৩৫) নামে এক যুবক আহত হয়েছেন। এ সময় তার কাছ থেকে মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। হামলায় তার হাতের কব্জিতে গুরুতর জখম হয়েছে। পরে তাকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার দৌলতদিয়া বাজার থেকে কাজ শেষে বাড়ি ফেরার পথে হোসেন মন্ডলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত রাকিব ওই এলাকার বাসিন্দা। তার বাবার নাম আব্দুল লতিফ মন্ডল।
রাকিবের দেওয়া তথ্য অনুযায়ী, দৌলতদিয়া বাজারের প্রদীপ মিষ্টান্ন ভান্ডারে কাজ শেষে বাড়ি ফিরছিলেন তিনি। হোসেন মন্ডলপাড়া এলাকায় কাসেমের বাড়ির সামনে পৌঁছালে ৪ থেকে ৫ জন অস্ত্রধারী ব্যক্তি তার পথরোধ করেন। এ সময় তার ব্যবহৃত মোবাইল ফোন ও পকেটে থাকা আনুমানিক ৫০০ থেকে ৬০০ টাকা নিয়ে নেন তারা।
.png)
রাকিব ছিনতাইকারীদের বাধা দেওয়ার চেষ্টা করলে তাকে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করা হয় বলে অভিযোগ করেন তিনি। হামলা থেকে বাঁচতে হাত দিয়ে প্রতিরোধ করার সময় তার কব্জিতে কোপ লাগে। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেওয়ার পাশাপাশি তার আহত কব্জিতে ৫ থেকে ৬টি সেলাই দেন।
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সফিকুল ইসলাম বলেন, বিষয়টি তিনি শুনেছেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।