হবিগঞ্জে শিশু ধর্ষণ মামলায় দুজনের কারাদণ্ড
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ১০ বছরের এক শিশুকে ধর্ষণের মামলায় শেখ জামাল নামে এক যুবক ও এক কিশোরকে তিন বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাদের আরও কারাদণ্ড ভোগ করতে হবে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩-এর বিচারক সৈয়দা মিনহাজ উম মুনীরা এ রায় ঘোষণা করেন।
রায়ে ১৮ বছরের বেশি হওয়ায় শেখ জামালকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। অপর আসামি কিশোর হওয়ায় তাকে সংশোধনাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
.png)
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৫ সালের ১৭ আগস্ট বিকেলে মাদ্রাসা ছুটির পর বাড়ি ফিরছিল শিশুটি। পথে মোবাইল ফোন দেওয়ার কথা বলে তাকে একটি ঘরে ডেকে নেওয়া হয়। সেখানে দুই আসামি তাকে ধর্ষণ করে বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়। পরে বিষয়টি কাউকে না জানাতে তাকে ভয়ভীতি দেখানো হয়।
বাড়ি ফেরার পথে শিশুটি রাস্তায় অচেতন হয়ে পড়ে। পরে স্থানীয় একজন তাকে দেখতে পেয়ে স্বজনদের খবর দেন। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে জ্ঞান ফেরার পর শিশুটি স্বজনদের কাছে ঘটনার বিস্তারিত জানায়।
এ ঘটনায় ১৯ আগস্ট শিশুটির মা বাদী হয়ে দুই আসামির বিরুদ্ধে নবীগঞ্জ থানায় মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) দুলাল মিয়া চলতি বছরের ৩০ মার্চ দুই আসামিকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
মামলাটিতে ১২ জনের সাক্ষ্য গ্রহণ শেষে সাক্ষ্য ও প্রমাণ পর্যালোচনা করে বুধবার আদালত এ রায় দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী কামাল উদ্দিন সেলিম রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।